সুনামগঞ্জের ধর্মপাশায় হাওরে নৌকাডুবিতে শিশুসহ দুজন নিখোঁজ হয়েছে। শনিবার (২৩ আগস্ট) বেলা সাড়ে ১২টায় ধর্মপাশা উপজেলার দারাম হাওরে এই ঘটনা ঘটে।
নিখোঁজেরা হলেন সামসুদ্দিন (৬০) ও নুসরাত বেগম (৭)। সামসুদ্দিন ধর্মপাশা উপজেলার কেশবপুর গ্রামের বাসিন্দা। নুসরাত কান্দাপাড়া গ্রামের বাবুল মিয়ার মেয়ে।
জানা যায়, আজ বেলা ১১টার দিকে ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের কান্দাপাড়া গ্রাম থেকে জয়শ্রী ইউনিয়নের মহেশপুরের উদ্দেশে রওয়ানা দেন তাঁরা। নৌকায় সাতজন যাত্রী ছিল। ঝোড়ো আবহাওয়ার কবলে পড়ে নৌকাটি ধারাম হাওরে ডুবে যায়। এ সময় চালকসহ পাঁচজনকে স্থানীয় লোকজন উদ্ধার করে। এঁদের মধ্যে মুমূর্ষু দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক বলেন, নিখোঁজ দুজনকে উদ্ধার করতে অভিযান চলছে। ফায়ার সার্ভিস ও পুলিশ তাদের উদ্ধারে কাজ করছে।
