সাতক্ষীরা ভোমরা সড়কের নবাতকাটি এলাকায় রাস্তার দুধারে প্রায় অর্ধ শতাধিক রেনট্রি গাছ মারা গেছে। ভারত থেকে আমদানিকৃত পচা পেঁয়াজ রাস্তার পাশে গাছ তলায় ফেলায় পেঁয়াজের ঝ্াজের কারণে এসব গাছ মারা গেছে। পেঁয়াজের ঝাঁজে একদিকে যেমন গাছ মারা যাচ্ছে অন্যদিকে ঐ এলাকার পরিবেশ বিপর্যয় ঘটছে।
ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ মাকসুদ খান জানান, ভারত থেকে প্রতিদিন প্রচুর পরিমাণ পেঁয়াজ আমদানি করা হয়। এসব পেঁয়াজ অনেক দূর থেকে আনায় এবং সময়মতো না পৌঁছানোর কারণে বেশ পেঁয়াজ পচে যায়। পচা পেঁয়াজ ফেলার নির্দিষ্ট কোনো জায়গা না থাকায় আমদানিকারকরা রাস্তার পাশে সেগুলো ফেলে দেয়। আর এসব ফেলে দেওয়া পচা পেঁয়াজের ঝাঁজের কারণে গাছগুলো মারা গেছে। বিষয়টি বিভিন্ন সময়ে স্থানীয় জনপ্রতিনিধি বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার পরও কোনো পদক্ষেপ গ্রহণ না করায় দীর্ঘদিন ধরে এ অবস্থার সৃষ্টি হয়েছে।
এদিকে সাতক্ষীরা-ভোমরা সড়কের নবাতকাটি এলাকায় রাস্তার পাশে পচা পেঁয়াজ ফেললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে সদর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার (ইউএনও) দেবাশীষ চৌধুরী। তিনি সরজমিনে সাতক্ষীরা-ভোমরা সড়কের নবাতকাটি এলাকায় গিয়ে প্রায় এক কিলোমিটারব্যাপী রাস্তার পাশে পচা পেঁয়াজ ফেলার দৃশ্য অবলোকন করে এই নির্দেশ দেন।
স্থানীয় বাসিন্দা আজগর আলী জানান, সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত থেকে প্রতিদিন বিপুল পরিমাণ পেঁয়াজ আমদানি করা হয়। পথে দেরি, গুদামের অভাবে বাইরে ফেলে রাখাসহ নানা কারণে আমদানিকৃত এই পেঁয়াজের একটি অংশ অনেক সময় পচে যায়। কিন্তু বন্দরের আশপাশ এলাকায় এই পচা পেঁয়াজ ফেলার কোনো জায়গা না থাকায় ব্যবসায়ীরা তা ভ্যানে ভরে সাতক্ষীরা-ভোমরা সড়কের নবাতকাটি এলাকায় রাস্তার পাশে ফেলে রেখে যায়। অপরিকল্পিতভাবে সাতক্ষীরা-ভোমরা স্থলবন্দর সড়কের নবাতকাটি এলাকায় পচা পেঁয়াজ ফেলে রাখার কারণে মাটি দূষিত হয়ে রাস্তার পাশে লাগানো গাছপালা মরে যাচ্ছে।
ইউএনও দেবাশীষ চৌধুরী বলেন, আমি নিজে গিয়ে দেখতে পেয়েছি সেখানে পচা পেঁয়াজ ফেলে কয়েক মাইল রাস্তার পাশে পরিবেশ দূষিত করে ফেলেছে। এমনকি পচা পেঁয়াজের ঝাঁজে রাস্তার পাশের ৫০-৬০টি বড়ো বড়ো গাছ মরে শুকিয়ে গেছে। তিনি এ বিষয়ে খুব শিগগিরই ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।
পরিদর্শনকালে নির্বাহী অফিসারের সঙ্গে ভোমরা ইউপি চেয়ারম্যান ইসরাইল গাজী, ভোমরা সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিমসহ কয়েক জন পেঁয়াজ ব্যবসায়ী ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।
