উদ্বোধনের আগেই ঝিলের ফোয়ারা থেকে ১০৪ কল উধাও

আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ১৪:০৬

জামালপুরের মাদারগঞ্জের ঐতিহ্যবাহী খরকা ঝিলের সৌন্দর্যবর্ধন প্রকল্পের আওতায় নির্মিত দৃষ্টিনন্দন রঙিন পানির ফোয়ারাটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের আগেই বড় ধরনের চুরির ঘটনা ঘটেছে। ফোয়ারাটি থেকে ১০৪টি পানির কল (নজেল) চুরি হয়ে গেছে। ফলে ফোয়ারাটি বন্ধ হয়ে রয়েছে, এতে করে প্রতিদিন ভ্রমণে আসা শত শত মানুষ বিনোদন থেকে বঞ্চিত হচ্ছেন।

শনিবার (২৩ আগস্ট) সকালে ফোয়ারার কলগুলো চুরি হওয়ার বিষয়টি প্রথম নজরে আসে। ধারণা করা হচ্ছে, আগের দিন শুক্রবার রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা ফোয়ারাটির কল খুলে নিয়ে গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন মাদারগঞ্জ উপজেলা প্রকৌশলী গোলাম কিবরিয়া তমাল।

তিনি জানান, ফোয়ারাটি এখনো আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়নি। চুরির ঘটনায় কতটুকু ক্ষতি হয়েছে তা মাদারগঞ্জ পৌরসভার প্রকৌশল বিভাগ তদন্ত করে দেখছে এবং এস্টিমেট প্রস্তুত করছে। তবে এই ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি বলে জানান তিনি।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অর্থায়নে খরকা ঝিল এবং সংলগ্ন এলাকাকে দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে কয়েক কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়। এর আওতায় ঝিলপাড় সংস্কার, রাস্তা নির্মাণ এবং ব্রীজের মোড়ে একটি রঙিন পানির ফোয়ারা নির্মাণ করা হয়। সন্ধ্যা বেলায় এই ফোয়ারাটি চালু থাকত, যা দেখতে প্রতিদিন ভিড় করতেন শত শত দর্শনার্থী।

স্থানীয় কলেজছাত্র শাকিল বলেন, মাদারগঞ্জের মানুষদের জন্য এটিই একমাত্র বিনোদন কেন্দ্র। এখানে প্রতিদিন শত শত মানুষ আসে একটু প্রশান্তির খোঁজে। ফোয়ারার কল চুরি হওয়ায় সবাই হতাশ। দ্রুত মেরামত করে চালু করার দাবি জানাচ্ছি।

এদিকে, মাদারগঞ্জ পৌরসভার দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

স্থানীয়রা বলছেন, পর্যটন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের সঙ্গে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা প্রয়োজন। চুরির ঘটনায় জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

ইত্তেফাক/এএইচপি