নেত্রকোনার পূর্বধলায় হত্যা, ডাকাতি, চাঁদাবাজি ও দস্যুতাসহ মোট ১৯টি মামলার পলাতক আসামি যুবলীগ নেতা বুলবুল মীর (৪৩)–কে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৩ আগস্ট) সকালে নেত্রকোনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও পূর্বধলা থানার একটি যৌথ দল ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কলসিন্দুর গুচ্ছগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে রোববার (২৪ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়।
গ্রেপ্তারকৃত বুলবুল মীর পূর্বধলা উপজেলার হোগলা ইউনিয়নের চলিতডহর গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে। তিনি উপজেলা যুবলীগের সক্রিয় সদস্য হিসেবে পরিচিত ছিলেন।
পূর্বধলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিন্টু দে জানান, বুলবুল মীরের বিরুদ্ধে পূর্বধলা থানায় হত্যা, ডাকাতি, চাঁদাবাজি, দস্যুতা, পুলিশের ওপর হামলা, মারামারি, সরকারি গুদামে চুরি ও অস্ত্র আইনে মোট ১৯টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।
তার গ্রেপ্তারের খবরে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
