তুমব্রু সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক গুরুতর আহত

আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ১৮:১২

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্ত সংলগ্ন মিয়ানমারের অভ্যন্তরে স্থলমাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবক গুরুতর আহত হয়েছেন। আহত যুবকের নাম রকি আলম (২৬)। 

শনিবার (২৪ আগস্ট) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে মিয়ানমারের আরাকান রাজ্যের মেদাই এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

সূত্রে জানা গেছে, বিস্ফোরণে গুরুতর আহত রকি আলমকে স্থানীয়রা উদ্ধার করে সীমান্ত পেরিয়ে বাংলাদেশের উখিয়ার কুতুপালং এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলাম বলেন, আমি একটি সিএনজিতে করে এক আহত রোহিঙ্গাকে হাসপাতালে নিয়ে যেতে দেখেছি।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খায়রুল আলম বলেন, রোহিঙ্গা যুবকটি মিয়ানমারের ভেতরে মাইন বিস্ফোরণে আহত হয়েছেন। পরে তিনি সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করলে মানবিক দৃষ্টিকোণ থেকে চিকিৎসা সেবার সুযোগ দেওয়া হয়েছে।

ইত্তেফাক/এএইচপি