২০০ মিটারেও পারলেন না শিরিন, দৌড় শেষই করতে পারলেন না ইমরানুর 

আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ১৯:০৯

১৭তম জাতীয় সামার অ্যাথলেটিক্সের শেষ দিন আজ। এ দিন মূল আকর্ষণ ছিল ছেলে ও মেয়েদের ২০০ মিটার স্প্রিন্ট। দ্রুততম মানবীর মতো ২০০ মিটারেও নিজের শ্রেষ্ঠত্ব হারিয়েছেন শিরিন আক্তার। তাকে পেছনে ফেলে প্রথম হয়েছেন সেনাবাহিনীর শারীফা খাতুন। অন্যদিকে ছেলেদের ২০০ মিটারে দৌড়ই শেষ করতে পারেননি ১০০ মিটারে দ্রততম মানব হওয়া ইমরানুর রহমান।

১০০ মিটার নারী স্প্রিন্টে হাড্ডাহাড্ডি লড়াই শেষে সুমাইয়া দেওয়ানের কাছে হেরেছিলেন শিরিন। ২০০ মিটারেও বেশ হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে।  শারীফা ২৫.২৪ সেকেন্ড নিয়ে প্রথম আর শিরিন ২৫.২৭ সেকেন্ডে দ্বিতীয়। বিকেএসপির মিম আক্তার ২৫.৮৭ টাইমিংয়ে তৃতীয়। 

শিরিনকে হারিয়ে প্রথমবারের মতো ২০০ মিটারে স্বর্ণপদক জিতে বেশ উচ্ছ্বসিত শারীফা। তিনি বলেন, ‘অনেকবার জাতীয় চ্যাম্পিয়নশীপে খেলেছি। কখনো ২০০ মিটারে প্রথম হইনি। অনেক সময় দ্বিতীয় ও তৃতীয় হয়েছি। শিরিন আপুর সঙ্গে অনেক প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। তিনি আমার চেয়ে এক স্টেপ এগিয়ে থাকতেন। এবার পেরে ভালো লাগছে।’ 

ইংল্যান্ড প্রবাসী দ্রুততম মানব ইমরানুর রহমান ২০০ মিটারের শুরুটা ভালোই করেছিলেন। ৫০ মিটার দৌড়ানোর পর ট্র্যাক থেকে ছিটকে যান। এরপর বাংলাদেশ সেনাবাহিনীর তারেক রহমান ২২.০৪ সেকেন্ড টাইমিং নিয়ে ২০০ মিটারে স্বর্ণ জেতার অভিষেক করেছেন।

২০০ মিটার স্প্রিন্টে সোনা জিতেছেন সেনাবাহিনীর শারীফা খাতুন।

দৌড় শেষে তারেক বলেন, ‘ইমরান ভাইয়ের স্টেপিং ভালো। আমি চেষ্টা করেছি কার্ভে জোর দিতে। তিনি পুরো দৌড়ে থাকলেও আমি প্রতিদ্বন্দ্বিতা করতাম। আমার চ্যাম্পিয়ন হওয়ার আত্মবিশ্বাস ছিল।’

ইত্তেফাক/জেডএইচ