বাজিতপুর রেলস্টেশনে দুদক অভিযান চালিয়ে ৩৬২টি টিকিট ও নগদ এক লাখ ১৩ হাজার টাকাসহ স্টেশনের বুকিং সহকারী ও ইনচার্জ মো. ইফরানুল হককে আটক করে। অভিযানের কারণে বুধবার বিকাল থেকে গতকাল শুক্রবার দুপুর পর্যন্ত স্টেশন বন্ধ থাকায় যাত্রীরা চরম দুর্ভোগ পোহায়। টিকিট না পেয়ে অনেক যাত্রী বিনা টিকিটেই যাতায়াত করেন। ফলে সরকার লাখ লাখ টাকার রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে। তবে গতকাল শুক্রবার দুপুর থেকে স্টেশনের কার্যক্রম শুরু হয়েছে।
এদিকে, দুদকের হাতে আটক বুকিং সহকারী ও ইনচার্জকে বৃহস্পতিবার রাতে কিশোরগঞ্জ জেলা স্পেশাল জজ আদালতে সোপর্দ করার পর আদালত তাকে জেলহাজতে পাঠান।
রেলওয়ের ময়মনসিংহ অঞ্চলের ট্রাফিক পরিদর্শক তওফিকুল আজীম জানান, অনিয়মের অভিযোগ পেয়ে দুদক এ স্টেশনে অভিযান চালায়। এ খবর পেয়ে তিনিসহ রেলওয়ে পুলিশের ঢাকা বিভাগের পুলিশ সুপার মহিবুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। দুদক আগে কেটে রাখা ট্রেনের ৩৬২টি টিকিট ও নগদ এক লাখ ১৩ হাজার টাকাসহ স্টেশনের বুকিং সহকারী ও ইনচার্জ মো. ইফরানুল হককে আটক করে।
এদিকে, দুদক সূত্র জানায়, মো. রমজান খান নামে স্থানীয় এক ব্যক্তি স্টেশনে টিকিট বিক্রির কাজ করতেন। অভিযোগের ব্যাপারে তাকেও খোঁজা হচ্ছে।
