বিসিবি নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ, ‘নব্য ফ্যাসিস্ট’দের উত্থান দেখছেন সংগঠকরা

আপডেট : ২৫ আগস্ট ২০২৫, ১২:৫৮

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচন নিয়ে ঘনীভূত হচ্ছে বিতর্ক ও উদ্বেগ। অক্টোবরে নির্বাচন হওয়ার কথা থাকলেও বিসিবির সাম্প্রতিক কার্যক্রম দেখে সংশয় প্রকাশ করেছেন ঢাকা লিগের ৭৬টি ক্লাবের সংগঠকরা। তাদের দাবি, নির্বাচন নিয়ে কোনো প্রস্তুতি বা আলোচনা না থাকায় বোর্ডের অভ্যন্তরে ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে।

রোববার (২৪ আগস্ট) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সংবাদ সম্মেলনকক্ষে বিসিবি নির্বাচনে ষড়যন্ত্রের ইঙ্গিতের কথা জানিয়েছেন ‘ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজার্স অ্যাসোসিয়েশন’। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ও বিসিবির সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক বোরহানুল হোসেন।

এদিন বিসিবির বর্তমান নেতৃত্বের বিরুদ্ধে তীব্র অভিযোগ তোলেন বোরহানুল হোসেন। তিনি বলেন, ‘বিসিবিতে ‘নব্য ফ্যাসিস্ট’রা মাথাচাড়া দিয়ে উঠেছে। বিসিবির আসন্ন নির্বাচনকে ঘিরে চক্রান্ত হচ্ছে। সংগঠকদের নানাভাবে অসম্মান করা হচ্ছে।’

এই অসম্মানের ইঙ্গিত স্পষ্টভাবে মাহবুবুল আনামকে ঘিরে। সম্প্রতি তাকে নিয়ে নানা সমালোচনার পর তিনি বিসিবির আসন্ন নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন। 

এ প্রসঙ্গে বোরহানুল বলেন, ‘আমার মনে হয়, কারোরই মাহবুবুল আনামের সঙ্গে কাজ করতে কোনো অস্বস্তি আছে। ক্রিকেট সংগঠক হিসেবে তার তুলনা হয় না।’

সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম বিসিবির গঠনতন্ত্রের প্রসঙ্গ তুলে ধরে বলেন, ‘বিসিবির গঠনতন্ত্রে অ্যাডহক কমিটি দিয়ে বোর্ড চালানোর কথা নেই। অ্যাডহক কমিটি যেরকম পরিবেশ-পরিস্থিতিতে করার প্রয়োজন, সেরকম পরিবেশ-পরিস্থিতিও এখন নেই। আমরা নির্বাচন চাই।’ 

তার দাবি, অ্যাডহক কমিটি করে বোর্ড পরিচালনার চক্রান্ত হচ্ছে। 

তবে কারা এই ষড়যন্ত্র করছে বা অ্যাডহক কমিটির পরিকল্পনায় রয়েছে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো নাম উল্লেখ করেননি সংগঠকরা। বোরহানুল বলেন, ‘আমি নাম বলতে চাই না, তবে আপনারা দেখেছেন, একজন সংগঠকের ব্যক্তিগত কিছু বিষয় সামনে এনে তাকে অসম্মানিত করা হচ্ছে।’

ইত্তেফাক/এনজি/এনএন