নড়াইলে ফেসবুকে গুজব ছড়ানোর দায়ে গ্রেফতার এক

আপডেট : ২৬ জুলাই ২০১৯, ২১:৩৩

 “বাংলাদেশের পদ্মা সেতু নির্মাণ চলতে পথে বাঁধা হয়েছে, তাই ১ লাখ বা তার অধিক পরিমাণের মানুষের মাথা প্রয়োজন, পদ্মা সেতু কাজ চালাতে তাই বাংলাদেশের প্রধানমন্ত্রীর নির্দেশে সারা বাংলাদেশে ৪২টি দল বের হয়েছে এই মাথা সংরক্ষণের জন্য” এমনইভাবে নাজমুল হোসাইন নামে ফেসবুক আইডি থেকে গুজব পোস্ট করার অপরাধে নড়াইলে মো. নাজমুল হোসেন ওরফে বাবু নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি বলেন, পদ্মা সেতুতে মানুষের মাথা লাগবে মর্মে এক ব্যক্তি নড়াইল সদর থানাধীন মহিষখোলা এলাকায় অপপ্রচার চালাচ্ছে বলে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে জেল গেটের সামনে থেকে নাজমুল হোসেনকে আটক করা হয়।

নাজমুল হোসেন ওরফে বাবু সদর পৌরসভাধীন মহিষখোলা গ্রামের মৃত মোহর আলী সরদারের ছেলে। আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর উদ্দেশে রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য অপপ্রচার করায় আসামিদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।