তানোরে শ্যালোমেশিন চালিত ট্রলিচাপায় এক শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার মুণ্ডুমালা পৌর শহরের বুড়াবুড়ি তলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ট্রলি চালক ও হেলপারসহ তিনজন আহত হন। নিহত মোমিনুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ জেলার হরিপুর বাংবান্ধা এলাকার মৃত মোসলেম উদ্দীনের ছেলে।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম জানান, পাঁচন্দর ইউপির কৃষ্ণপুর এলাকায় রাস্তা সংস্কারের কাজ শেষে ট্রলি যোগে একদল শ্রমিক উপজেলার কাউন্সিল মোড়ে যাচ্ছিল। রাজশাহী-তানোর-আমনুরা সড়কের বুড়াবুড়িতলা এলাকায় পৌঁছলে ট্রলিটি রাস্তার পাশের একটি গাছের সাথে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ট্রলির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মোমিনুল মারা যান। আর চালক ও হেলপারসহ তিনজন গুরুতর আহত হন।
