বগুড়ার সোনাতলায় ৪ হাজার ১শ’ ৫৬ হেক্টর জমির বিভিন্ন ফসল চলতি বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা।
উপজেলার রংরারপাড়া গ্রামের মামুনূর রশিদ ও শিচারপাড়া গ্রামের শহিদুল ইসলাম মুকুল প্রত্যেকে এবার তিন বিঘা জমিতে পাট চাষ করেন। বন্যায় তাদের ক্ষেতের সব পাট ক্ষতিগ্রস্ত রয়েছে। এবার ঘরে পাট তোলা সম্ভব নয়। এতে তাদের প্রায় ৩০ হাজার টাকা করে ক্ষতি হয়েছে।
চরমধুপুর গ্রামের কৃষক ইব্রাহিম হোসেন এবার ২০ শতাংশ জমিতে বীজতলা ও ১০ বিঘা জমিতে পাট চাষ করেন। চলতি বন্যায় তার ফসল দুটির ক্ষতি হয়েছে।
পাটচাষিরা মনে করেন পাটের ক্ষতি হওয়ায় এবার জ্বালানি খড়ির সংকট দেখা দেবে।
উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ আহমেদ জানান, বিভিন্ন ফসলের অর্জিতমাত্রা বিভিন্ন ধরনের। এরমধ্যে বন্যায় বর্তমানে পাট আক্রান্ত হয়েছে ১ হাজার ৫শ’ ৫০ হেক্টর, আমন বীজতলা ৫শ’ হেক্টর, আউশ ২ হাজার হেক্টর, মরিচ ৬ হেক্টর ও শাকসবজি ১শ’ হেক্টর জমি। এতে এ পর্যন্ত ২১ হাজার ৮শ’ ৩০ জন কৃষকের মোট ৪ হাজার ১শ’ ৫৬ হেক্টর জমির এসব ফসল বন্যার পানিতে আক্রান্ত হয়েছে।
