পার্বত্য চট্টগ্রামের আসন সংখ্যা বাড়িয়ে ৮ করার দাবি

আপডেট : ২৫ আগস্ট ২০২৫, ১৯:৫৬

সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে দাবি-আপত্তির শুনানিতে পার্বত্য চট্টগ্রামের আসন সংখ্যা তিন থেকে বাড়িয়ে আটে উন্নীত করার দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রামের নাগরিক সমাজ।

সোমবার (২৫ আগস্ট) নির্বাচন ভবনে দ্বিতীয় দিনের শুনানিতে তারা লিখিত বক্তব্যে বলেন, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান—এই তিন পার্বত্য জেলার আয়তন প্রায় ১৩,২৯৫ বর্গকিলোমিটার, যা দেশের এক দশমাংশ। এখানকার জনসংখ্যা প্রায় ১৮ লাখ ৪২ হাজার। কিন্তু মাত্র ৩টি সংসদীয় আসন রয়েছে, যা এই বিশাল এলাকার উন্নয়ন ও প্রতিনিধিত্বের জন্য যথেষ্ট নয়।

তাদের প্রস্তাবনায় খাগড়াছড়িতে ১টি সংসদীয় আসন থেকে ২টিতে, রাঙামাটিতে ১টি সংসদীয় আসন থেকে ৩টিতে এবং বান্দরবানে ১টি সংসদীয় আসন থেকে ৩টিতে উন্নিত করার দাবি জানান।

তারা বলেন, ঝালকাঠি-১ আসনে ভোটার ১ লাখ ৭৮ হাজার, যা বান্দরবান থেকেও কম। তবুও সেখানে একটি আসন রয়েছে। অথচ পার্বত্য এলাকায় এতো জনসংখ্যা ও আয়তনের পরও মাত্র একটি করে আসন রয়েছে প্রতিটি জেলায়। এই বৈষম্য দূর করতে হবে।

ছাত্র পরিষদের সভাপতি প্রকৌশলী শাহাদাত ফরাজি সাকিব বলেন, 'প্রায় ১৯ লাখ মানুষের রাজনৈতিক অধিকার নিশ্চিত না করে বৈষম্যহীন বাংলাদেশ সম্ভব নয়।'

নাগরিক সমাজের প্রতিনিধি পাইশিখোই মারমা বলেন, 'সমতলের মানুষের মতো সুবিধা পার্বত্য অঞ্চলের মানুষ পায় না। এই বৈষম্য ঘোচাতে আমাদের দাবি তিন আসন থেকে বাড়িয়ে আট করা হোক।'

প্রসঙ্গত, সোমবার নির্বাচন কমিশনে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন আসনের সীমানা নিয়ে শুনানি অনুষ্ঠিত হয়।

ইত্তেফাক/আইএ