ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত থাকা শেরপুর-৩ আসনের নির্বাচনী প্রচার আগামীকাল মঙ্গলবার সকাল ৭টায় শেষ হচ্ছে। ১৫ মার্চ থেকে শুরু হওয়া প্রচারকাজ ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে শেষ করার বিধান রয়েছে।
সোমবার (৬ এপ্রিল) জেলা রিটার্নিং ও নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, নির্বাচন কমিশন (ইসি) একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোট আয়োজনে সব ধরনের প্রস্তুতি নিয়েছে। নির্বাচনে ২১ জন নির্বাহী হাকিম দায়িত্ব পালন করবেন। এ ছাড়া সেনাবাহিনী, পুলিশ, আনসারসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করবে।
বিজিবি ময়মনসিংহ সেক্টরের তত্ত্বাবধানে এবং ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) ব্যবস্থাপনায় ইতোমধ্যে ১৬ প্লাটুন সদস্য চারটি বেইজ ক্যাম্প স্থাপন করে নির্বাচনি দায়িত্ব পালন শুরু করেছেন।
শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা নিয়ে গঠিত এই আসনে ১২৮টি ভোটকেন্দ্রের ৭৫১টি কক্ষে ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন ভোটার ভোট দেবেন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫ হাজার এবং নারী ভোটার ২ লাখ ৮ হাজার ৩০৪ জন। এ ছাড়া আসনে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন সাতজন।
আগামী ৯ এপ্রিল ১২৮টি কেন্দ্রের ৭৫১টি কক্ষে সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।
এই আসনে প্রার্থীরা হলেন- বিএনপির মো. মাহমুদুল হক রুবেল, জামায়াতে ইসলামীর মো. মাসুদুর রহমান মাসুদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের আবু তালেব মো. সাইফুদ্দিন এবং বাসদ (মার্কসবাদী) প্রার্থী মো. মিজানুর রহমান।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের নির্ধারিত তফসিলে এখানেও ভোটগ্রহণের কথা ছিল। তবে প্রচার চলাকালে জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদল মৃত্যুবরণ করলে নির্বাচন কমিশন এই আসনের ভোট স্থগিত করে। পরে নতুন তফসিল ঘোষণা করে ইসি।

