অবশেষে সৈয়দপুর-চিলাহাটি রেলপথের ঢেলাপীর-পোড়ারহাট রেলক্রসিংয়ে ব্যারিয়ার (প্রতিবন্ধক) গেট স্থাপন করা হয়েছে।দৈনিক ইত্তেফাকে সংবাদ প্রকাশের পর মানুষজনের দীর্ঘদিনের ভোগান্তির অবসান হলো।
পার্বতীপুর রেলওয়ের দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (ওয়ার্কস) মো. তহিদুল ইসলাম বলেন, সৈয়দপুর-চিলাহাটি রেলপথের ঢেলাপীর-পোড়ারহাট লেভেল ক্রসিং দিয়ে যানবাহন পারাপার ও চলাচলে সমস্যা ছিল দীর্ঘদিনের। সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের পোড়ারহাট এলাকার রেলওয়ের ই/১২৮ নম্বর লেভেল ক্রসিংয়ে প্রতিবন্ধক (ব্যারিয়ার) গেট স্থাপনের কাজ গত বুধবার থেকে শুরু হয়। পার্বতীপুর রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলীর (কার্য) কার্যালয়ের কর্মচারীরা ব্যারিয়ার স্থাপনের কাজ শুক্রবার সম্পন্ন করেন। সূত্র জানায়, পশ্চিমাঞ্চল রেলওয়ের আওতায় সৈয়দপুর-চিলাহাটি রেলপথে লেভেল ক্রসিং রয়েছে ৩৩টি। এর মধ্যে মাত্র ১২টি লেভেল ক্রসিংয়ে গেটম্যান থাকলেও অনেক লেভেলক্রসিংয়ে ব্যারিয়ার নেই। ফলে এসব লেভেল ক্রসিংয়ে বাঁশ ব্যবহারের মাধ্যমে যানবাহন আটকিয়ে ট্রেন পার করা হয়। ঢেলাপীর-পোড়ারহাট ই/১২৮ নম্বর লেভেল ক্রসিং অরক্ষিত থাকায় বিগত কয়েক বছরে দুর্ঘটনায় পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন মারা গেছেন। এনিয়ে দৈনিক ইত্তেফাকে গত ২৪ জুলাই সচিত্র প্রতিবেদন প্রকাশিত হলে টনক নড়ে রেলওয়ে কর্তৃপক্ষের।
