ভিক্ষুকের ছদ্মবেশে চুরি, টাকা ও স্বর্ণালঙ্কারসহ নারী আটক

আপডেট : ২৬ আগস্ট ২০২৫, ১৮:৪৯

চট্টগ্রামের লোহাগাড়ায় ভিক্ষুকের ছদ্মবেশে চুরির ঘটনায় তসলিমা আক্তার (৩৫) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। 

সোমবার (২৫ আগস্ট) রাত ২টার দিকে সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের পূর্ব কাঠগড় এলাকায় একটি ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৪ লাখ ৫১ হাজার টাকা ও প্রায় ৪ ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে।

আটক তসলিমা আক্তার মৃত জয়নাল আবেদীনের স্ত্রী। তিনি ভিক্ষুক সেজে বিভিন্ন এলাকায় ঘুরে চুরির ঘটনা ঘটাতেন বলে জানিয়েছে পুলিশ।

লোহাগাড়া থানা সূত্রে জানা যায়, গত ২১ আগস্ট উপজেলার কলাউজান ১নং ওয়ার্ডের হিন্দুরহাট এলাকায় এক প্রবাসীর স্ত্রী খাদিজাতুল কোবরা রাফি (২৪) বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে কক্সবাজারের চকরিয়া যাওয়ার পথে আমিরাবাদ মুন স্টার দোকানের সামনে বাসের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় এক নারী ভিক্ষুক তার সঙ্গে থাকা একজন মহিলার সঙ্গে বাকবিতণ্ডা সৃষ্টি করে। ওই পরিস্থিতিতে তসলিমা সুকৌশলে ভুক্তভোগীর ব্যাগের চেইন খুলে প্রায় ২ ভরির স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যান।

ঘটনার পর বহু খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া না গেলে প্রবাসীর স্ত্রী ২৫ আগস্ট অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে লোহাগাড়া থানায় মামলা দায়ের করেন। মামলা রুজুর পর পুলিশ সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তসলিমাকে শনাক্ত করে গ্রেফতার করে।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান জানান, আটক তসলিমা আক্তার পেশাদার চোর। তার বাসা থেকে ৪ লাখ ৫১ হাজার টাকা এবং প্রায় ৪ ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণের মধ্যে একটি আংটি ও একজোড়া কানের দুল ভুক্তভোগী নিজস্ব বলে শনাক্ত করেছেন। তসলিমার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

ইত্তেফাক/এএইচপি