চাঁদা না দেওয়ায় মুদি দোকানিকে পিটিয়ে জখম

আপডেট : ২৬ আগস্ট ২০২৫, ১৬:৩৮

নারায়ণগঞ্জের বন্দরে স্থানীয় দুই চাঁদাবাজ বাকিতে সিগারেট ও চাঁদা না পেয়ে এক মুদি দোকানিকে মাথায় লোহার রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১০টার দিকে নবীগঞ্জ কবরস্থান রোড এলাকায় এ ঘটনা ঘটে।

আহত দোকানি সেলিম মিয়া (৪৫) বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় তার ছেলে সোহান বাদী হয়ে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকার মৃত সামাদ মিয়ার ছেলে নূরু ও তার ভাই জনি দোকানদার সেলিমের কাছে নিয়মিত চাঁদা আদায় করে আসছিল। প্রায়ই তারা ৪-৫ হাজার টাকা করে চাঁদা নিয়ে যেত। এ অবস্থায় অতিষ্ঠ হয়ে পড়েন সেলিম।

মঙ্গলবার সকালে নূরু এসে বাকিতে সিগারেট চাইলে সেলিম অস্বীকৃতি জানান এবং আর চাঁদা দিতে না পারার কথা বলেন। এতে ক্ষিপ্ত হয়ে নূরু তার ভাই জনিকে ডেকে নিয়ে এসে দুই জনে মিলে লোহার রড দিয়ে সেলিমের মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা এগিয়ে এলে তারা পালিয়ে যায়।

ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার সত্যতা পায়।

বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত আলী বলেন, ‘অভিযোগ গ্রহণ করা হয়েছে। বন্দরে কোনো চাঁদাবাজকে ছাড় দেওয়া হবে না। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ইত্তেফাক/এসজেএস/এমএএস