আজ স্বেচ্ছাসেবক লীগের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী

আপডেট : ২৬ জুলাই ২০১৯, ২১:৪৩

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও রজতজয়ন্তী আজ। ১৯৯৪ সালের ২৭ জুলাই প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের সাবেক নেতাদের সমন্বয়ে সংগঠনটি প্রতিষ্ঠা করেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে স্বেচ্ছাসেবক লীগ। সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পমাল্য অর্পণ, শোভাযাত্রা, আলোচনা সভা, ফাতেহা পাঠসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ৬টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, সকাল ১০টায় ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ এবং বেলা ১১টায় বঙ্গবন্ধু ভবনের সামনে থেকে শোভাযাত্রা বের করা হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ শোভাযাত্রার উদ্বোধন করবেন। এছাড়া আজ শনিবার সকাল ছয়টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়, জেলা, মহানগর, উপজেলা, ওয়ার্ডসহ সব শাখার দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন।

গোপালগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগ টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করবে। পরে জাতির পিতার আত্মার মাগফিরাত কামনায় সেখানে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হবে। এরপর বেলা ১১টায় গোপালগঞ্জ শহরে শোভাযাত্রা বের করা হবে। আলোচনা সভা ও ২৫ পাউন্ড ওজনের কেক কাটা হবে। এদিকে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার সন্ধ্যা থেকেই রাজধানীর প্রতিটি ওয়ার্ড-থানা স্বেচ্ছাসেবক লীগের উত্তর-দক্ষিণ কার্যালয়গুলোকে আলোকসজ্জায় সুসজ্জিত করা হয়েছে। স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওছার এবং সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথ মর্যাদার সঙ্গে পালনের জন্য সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।