আজ ছায়ানটে সংগীতগুরু শুভেন্দু মাইতির গান

আপডেট : ২৬ জুলাই ২০১৯, ২১:৪৩

আজ শনিবার ছায়ানট মিলনায়তনে বিকাল চারটায় কৃষ্টি ফাউন্ডেশনের প্রথম আয়োজন বাংলা গানের পরম্পরায় গান গল্পে আসবেন কিংবদন্তি গণসংগীত শিল্পী শুভেন্দু মাইতি। সংগীতগুরু শুভেন্দু মাইতি জন্মেছিলেন ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুরের নন্দীগ্রামে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে, গত শতকে। মানুষ এবং সংগীতকে ভালোবেসে তিনি গণসংগীতের প্রেমে পড়েন।  জড়িয়ে পড়েন রাজনীতিতেও। ষাটের দশকে তিনি কলকাতা নগরে আসেন উচ্চতর শিক্ষা নিতে। কিন্তু আবারও প্রেমে পড়েন তিনি। কিন্তু এবার কবিতার। প্রিয় হয়ে ওঠেন কবিতাপ্রেমীদের। আর রাজনৈতিক কারণে তাঁকে গণসংগীত নিয়ে ছুটে বেড়াতে হয় পুরো রাজ্যে। হাজার হাজার শ্রোতা সেই গানে হন অনুপ্রাণিত। নব্বই দশকের শুরুতে দলের সঙ্গে মতবিরোধের কারণে রাজনীতি থেকে দূরে সরে আসেন। কিন্তু দীক্ষা ভোলেন না। নজর দিতে শুরু করেন নতুন বাংলা গানে। সুমন চট্টোপাধ্যায়, নচিকেতা প্রমুখ শিল্পীকে হাত ধরে নিয়ে আসেন নাগরিক শ্রোতাদের সামনে। তাঁর ব্রত হয়ে যায় তরুণ সংগীতশিল্পীদের দীক্ষা দেওয়ায়। এখনো সেই লক্ষ্যে চলমান তিনি। লালন একাডেমিকে নিয়ে গড়ে তুলেছেন বাংলা গানের আর্কাইভ। শৈশবে প্রিয় গুরু বলেছিলেন, ‘গান বিকোবি না’। সেটা মেনে চলেছেন আজ অবধি। এই আয়োজনের মিডিয়া পার্টনার দৈনিক ইত্তেফাক।