বন্ধুর ফোনে বাড়ি থেকে বের হয়েছিলেন, আর ফেরেননি ইমরান

আপডেট : ২৭ আগস্ট ২০২৫, ১৭:১২

সাতক্ষীরার কলারোয়ায় নিখোঁজের চার দিন পর একটি মাছের ঘের থেকে ইমরান হোসেন (২৭) নামে এক রাজমিস্ত্রির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৭ আগস্ট) সকালে উপজেলার কাজিরহাট কলেজের সামনে একটি মৎস্যঘের থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ইমরান হোসেন উপজেলার কেরালকাতা গ্রামের ছদর উদ্দীনের ছেলে। দুই কন্যাসন্তানের জনক ইমরান ছিলেন পরিবারটির একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।

পরিবার জানায়, গত ২৪ আগস্ট সকালে ইমরানের বন্ধু রিপন তাকে ফোনে ডেকে নেয়। ঘর থেকে বের হওয়ার সময় স্ত্রী ও সন্তানের সঙ্গে কথোপকথনে তিনি বলেছিলেন, বাজার থেকে মেয়ের জন্য স্কুল ব্যাগ আর বেদানা নিয়ে ফিরবো।

কিন্তু এরপর থেকেই তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকে ২৬ আগস্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

ইমরানের মা আমেনা বেগম অভিযোগ করেন, পরিকল্পিতভাবে আমার ছেলেকে হত্যা করা হয়েছে। ওকে ফোনে ডেকে নিয়েছে রিপন। এরপর আর বাড়ি ফেরেনি। এখন ওর লাশ ঘের থেকে পাওয়া যাচ্ছে!

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম জানান, ২৪ আগস্ট থেকে ইমরান নিখোঁজ ছিলেন। বুধবার সকালে স্থানীয় গ্রাম পুলিশের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আমরা মনে করছি এটি হত্যাকাণ্ড। তবে কারা, কী কারণে এই ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করে বের করা হবে।

ইত্তেফাক/এএইচপি