শেয়ারবাজারে তালিকাভুক্ত ডাচ-বাংলা ব্যাংক পিএলসি রাজধানীর মতিঝিলে কর্পোরেট প্রধান কার্যালয়ের জন্য ২১.৫ তলা বিশিষ্ট একটি বাণিজ্যিক ভবন কেনার সিদ্ধান্ত নিয়েছে। ব্যাংকটির পরিচালনা পর্ষদ এ বিষয়ে চূড়ান্ত অনুমোদন দিয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) অনুষ্ঠিত বোর্ড সভায় প্রায় ১ হাজার ১৬ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে ভবনটি কেনার প্রস্তাব অনুমোদিত হয়।
ব্যাংক সূত্র জানায়, ভবনটি ৪৭, মতিঝিল বাণিজ্যিক এলাকায় অবস্থিত। এতে মোট আয়তন হবে প্রায় ২ লাখ ৭ হাজার ৩৪০ বর্গফুট। এর মধ্যে মেঝে স্পেস থাকবে ১ লাখ ৭৬ হাজার ৩০০ বর্গফুট এবং বেজমেন্টের আয়তন প্রায় ৩১ হাজার ৪০ বর্গফুট।
এই বিনিয়োগের জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নেওয়া হবে বলে জানায় ব্যাংকটি। অনুমোদন পেলে ভবনটি ডাচ-বাংলা ব্যাংকের নতুন কর্পোরেট হেড অফিস হিসেবে ব্যবহৃত হবে।
