বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ২৮ রোগী চিকিত্সা নিচ্ছেন। হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার আরিফুর রহমান তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন। এদের মধ্যে সর্বশেষ বৃহস্পতিবার রাত ১১টায় এখানে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী।
ডাক্তার আরিফুর রহমান জানান, গেল তিন দিনে জ্বরে আক্রান্ত হয়ে বেশকিছু রোগী ভর্তি হন হাসপাতালে। এদের মধ্যে ২৮ জনের শরীরে ডেঙ্গুর জীবাণু মিলেছে। তারা হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিত্সাধীন। রোগীদের মধ্যে অধিকাংশই সম্প্রতি ঢাকা থেকে বগুড়ায় ফিরেছেন বলেও জানান চিকিত্সক।
বগুড়া শজিমেক হাসপাতালের মেডিসিনি বিভাগের রেজিস্ট্রার ডা. মো. মমতাজুর রহমান জানান, গত বছর যেখানে মাত্র তিন জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে এ হাসপাতালে চিকিত্সা নেন, সেখানে এবার প্রতিটি ইউনিটে ৭ থেকে ৮ জন করে রোগী ভর্তি রয়েছেন। এ হার তুলনামূলক অনেক বেশি বলেও জানান তিনি।
হাসপাতালের হেমাটোলজি (রক্তরোগ) বিভাগের সহকারী অধ্যাপক ডা. সুরজিত্ সরকার তিতাস জানান, ডেঙ্গু আক্রান্ত রোগীদের যথাযথ চিকিত্সা প্রদানের জন্য সব প্রস্তুতিই হাসপাতালে রয়েছে। তবে রোগ শনাক্তকরণের জন্য যে পরীক্ষা সেটি বাইরের ডায়াগনস্টিক সেন্টার থেকে করাতে হচ্ছে। তবে কয়েকদিনের মধ্যেই হাসপাতালেই রোগ নির্ণয়ের ব্যবস্থা করা সম্ভব হবে। তিনি বলেন, ইতিমধ্যে আশঙ্কাজনক একজন রোগীকে বগুড়া থেকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। অন্য রোগীদের সার্বক্ষণিক চিকিত্সা প্রদান করা হচ্ছে।
