যুবদল নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট

আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ১৭:৩৯

নারায়ণগঞ্জের রূপগঞ্জে যুবদল নেতা অলি মাতবরের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও মারধরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের নাগেরবাগ এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এতে নারীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার দিন বিকেলে অলি মাতবর ভুলতা গাউছিয়া মার্কেট যাওয়ার পথে নাগেরবাগ ৫ নম্বর ক্যানেল এলাকায় পৌঁছালে ১৪-১৫ জন সন্ত্রাসী তার ওপর অতর্কিতে হামলা চালায়। জীবন বাঁচাতে অলি মাতবর দৌড়ে নিজের বাড়িতে আশ্রয় নেন। কিন্তু হামলাকারীরা সেখানেও ঢুকে পড়ে এবং তার বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় বাড়িতে থাকা নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ আনুমানিক তিন লাখ টাকার মালামাল লুট করে তারা।

একপর্যায়ে বাড়ির লোকজনের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা ফাঁকা গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ করে আতঙ্ক সৃষ্টি করে এবং প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

হামলায় আহতরা হলেন- অলি মাতবর (৪৩), তার ভাই খলিল মাতবর (৪১), স্ত্রী বুবলী আক্তার (৩৬), প্রতিবেশী শফিকুল ইসলাম (৩৫) এবং নয়ন মিয়া (২২)। হামলাকারীরা তাদের কুপিয়ে ও পিটিয়ে জখম করে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।

ইত্তেফাক/এএইচপি