পুলিশের নির্যাতনে আহত ইব্রাহিম সুস্থতার পথে, বাড়ি ফেরার অপেক্ষায়

আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ১৮:৩০

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুলিশের নির্যাতনে গুরুতর আহত বিএনপি কর্মী ইব্রাহিম (৫০) অবশেষে সুস্থ হয়ে উঠছেন। দীর্ঘ ১০ মাস চিকিৎসা গ্রহণের পর তিনি এখন বাড়ি ফেরার অপেক্ষায় রয়েছেন।

২০২৩ সালের অক্টোবর মাসে বিএনপির কর্মসূচিকে ঘিরে পুলিশের নির্মম নির্যাতনের শিকার হন ইব্রাহিম। এতে তার ডান পায়ের ‘ফিমার’ হাড়ে গুরুতর ফ্র্যাকচার হয়। তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও পরবর্তীতে স্থানান্তর করা হয় জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর)-এ।

চিকিৎসকরা জানান, ইব্রাহিমের শরীরে কার্ডিয়াক জটিলতা থাকায় অস্ত্রোপচার ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তবে নিটোরের পরিচালক ও বিশেষজ্ঞ চিকিৎসকদের যৌথ প্রচেষ্টায় সফলভাবে তার অপারেশন সম্পন্ন হয়।

চিকিৎসা প্রক্রিয়া নিবিড়ভাবে তদারকি করেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সাবেক যুগ্ম মহাসচিব ও খ্যাতনামা হৃদরোগ বিশেষজ্ঞ ডা. আ. ন. ম. মনোয়ারুল কাদির বিটু। তিনি বলেন, জাতীয়তাবাদী শক্তির রাজপথের প্রতিটি আহত যোদ্ধার পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ইব্রাহিমের মতো ত্যাগী নেতাকর্মীদের আত্মত্যাগের কারণেই বাংলাদেশ একদিন স্বৈরশাসনমুক্ত হবে।

এদিকে, বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশেই আহত নেতাকর্মীদের চিকিৎসা ও পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে ড্যাব ও দলের স্বাস্থ্য সেল।

ইব্রাহিম একজন একনিষ্ঠ বিএনপি কর্মী হিসেবে দীর্ঘদিন ধরে রাজপথে সক্রিয় ছিলেন। রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণের সময় ২০২৩ সালে তাকে আটক করে বেধড়ক মারধর করে পুলিশ, যা বিভিন্ন মানবাধিকার সংস্থা ও রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে।

ইত্তেফাক/এএইচপি