বাংলাদেশের কারাগার থেকে মুক্ত ভারতীয় নাগরিককে ভারতে হস্তান্তর

আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ১৮:৩৭

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে এক ভারতীয় নাগরিক ৬ মাসের বিনাশ্রম কারাবাস শেষে বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারতে প্রেরণ করা হয়েছে। 

বুধবার (২৭ আগস্ট) দুপুরে লালমনিরহাট জেলা কারাগার থেকে মুক্তিপ্রাপ্ত ভারতীয় নাগরিককে পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের মাধ্যমে বিজিবি এবং বিএসএফ সদস্যদের উপস্থিতিতে ভারতীয় নাগরিককে চ্যাংড়াবান্ধা ইমিগ্রেশন পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

জানা গেছে, ফেরত পাঠানো ব্যক্তি হলেন শফিউদ্দিন মিয়া (৫২)। তিনি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কুচবিহার জেলার মেখলিগঞ্জ থানার উছল পুকুরী গ্রামের বাসিন্দা এবং জহর উদ্দিনের ছেলে।

বুড়িমারী ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, প্রায় দেড় বছর আগে শফিউদ্দিন মিয়া অবৈধভাবে পাটগ্রাম সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করলে পুলিশ তাকে আটক করে। পরবর্তীতে আদালতের রায়ে তাকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয় এবং তিনি লালমনিরহাট জেলা কারাগারে সাজা ভোগ করেন।

সাজা শেষে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বুধবার দুপুরে বুড়িমারী স্থলবন্দরের ইমিগ্রেশন পুলিশের মাধ্যমে বিজিবি এবং বিএসএফ সদস্যদের উপস্থিতিতে শফিউদ্দিন মিয়াকে ভারতের চ্যাংড়াবান্ধা ইমিগ্রেশন পুলিশের হাতে হস্তান্তর করা হয়।

বুড়িমারী ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ আশরাফুল ইসলাম জানান, 'ভারতীয় নাগরিককে নিয়মিত প্রক্রিয়া অনুযায়ী তার দেশের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।'

ইত্তেফাক/আইএ