সবশেষ চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত-অস্ট্রেলিয়া। রমজানে মাসে চলা সেই ম্যাচে ফিল্ডিংয়ের সময় পানীয় পান করেছিলেন ভারতের মুসলিম ক্রিকেটার মোহাম্মদ শামি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের সময় তিনি সীমানার ধারে পানি পান করছেন। পাঁচ মাস পর এই ঘটনা নিয়ে মুখ খুলেছেন ভারতীয় এই পেসার।
রমজান মাসে পানি পান করে তুমুল সমালোচনার শিকার হয়েছিলেন শামি। বুধবার (২৭ আগস্ট) নিউজ২৪ নামে এক সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এ ব্যাপারে ভারতীয় এই পেসার বলেন, ‘৪২ থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় খেলছি। এখানে নিজেদের আমরা উৎসর্গ করছি। এমনকি এ ধরনের ব্যতিক্রমী ঘটনার ক্ষেত্রেও আমাদের নিয়মে বলা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘উদাহরণ হিসেবে আপনি দেশের জন্য কোনো কাজ করছেন বা ভ্রমণ করছেন। মানুষের এসব ব্যাপার বোঝা উচিত। আমি জানি মানুষ অন্য কাউকে রোল মডেল মনে করে। একই সঙ্গে এটাও বিবেচনায় নেওয়া উচিত সেই ব্যক্তি কী করছেন এবং কীসের জন্য করছেন।’
সামাজিক মাধ্যমে আক্রমণের ঘটনা শামির জন্য এবারই প্রথম নয়। এর আগে দুবাইয়ে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের কাছে ১০ উইকেটে হারের পর ভারতীয় এই ক্রিকেটারের ধর্মীয় পরিচয় তুলে হেয় প্রতিপন্ন করা হয়েছিল। নেটিজেনদের এমন ভর্ৎসনা নিয়ে অবশ্য বেশি চিন্তা করছেন না শামি, ‘ট্রোল নিয়ে আমি ভাবি না। আমি কোনো মেশিন নই। সারা বছর পরিশ্রম করি, কখনো সফল হব, কখনো ব্যর্থ হব। মানুষ কীভাবে বিষয়টি নেবে, এটা তাদের বিষয়।’
কিছুদিন ধরে শামির অবসরের গুঞ্জনও শোনা যাচ্ছে। তবে অবসর নয়, আবারও জাতীয় দলে ফিরতে চান এই ভারতীয় পেসার। শামি বলেন, ‘যদি কারও কোনো সমস্যা থাকে, বলুক। আমি অবসর নিলে যদি তাদের জীবন সত্যিই ভালো হয়ে যায়, তবে বলুক। বলেন তো আমি কাদের জীবনে পাথর হয়ে গেছি যে তারা চায় আমি অবসর নিই?’

