যুক্তরাজ্যে ব্যানক্যাটের আলোচনা 

বাংলাদেশের প্রথম ক্যান্সার কেয়ার ভিলেজে প্রবাসীদের অংশগ্রহণের সুযোগ

আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ১৯:০৪

বাংলাদেশের প্রথম আধুনিক ক্যান্সার কেয়ার ভিলেজ নির্মাণে প্রবাসীদের অংশগ্রহণে আহ্বান জানিয়েছে অলাভজনক প্রতিষ্ঠান ব্যানক্যাট। এ লক্ষ্যে সম্প্রতি যুক্তরাজ্যের লন্ডনে প্রবাসী সংগঠন "ফ্রেন্ডস অব ব্যানক্যাট ইউকে"-এর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

লন্ডনের বারাকা রেস্টুরেন্টে আয়োজিত এই অনুষ্ঠানে ক্যান্সার কেয়ার ভিলেজের সম্ভাবনা, কাঠামো এবং প্রবাসীদের অবদান নিয়ে বিস্তর আলোচনা হয়। সভাটি পরিচালনা করেন ব্যানক্যাট-এর নির্বাহী পরিচালক নাজমুস আহমেদ আলবাব। সভাপতিত্ব করেন সমাজকর্মী ও ফ্রেন্ডস অব ব্যানক্যাট ইউকের কনভেনর মাকসুদ খান বাবুল এবং সঞ্চালনায় ছিলেন বিশিষ্ট সাংবাদিক নাজরুল ইসলাম বাসান।

বক্তারা জানান, মানিকগঞ্জের সিংগাইরে নির্মাণাধীন ২৫০ শয্যার এই আধুনিক ক্যান্সার কেয়ার ভিলেজে থাকবে অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর ক্যান্সার নির্ণয় ও সেবা ব্যবস্থা, যেখানে অসহায় মানুষরা পাবেন বিনামূল্যে বা স্বল্পমূল্যে চিকিৎসা।

নাজমুস আহমেদ আলবাব বলেন, "ব্যানক্যাট চায় একটি সমতাভিত্তিক ও মানবিক ক্যান্সার চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলতে। এই প্রকল্প কেবল একটি হাসপাতাল নয়, বরং একটি ‘হোলিস্টিক হিলিং কমিউনিটি’, যেখানে একজন রোগী চিকিৎসার পাশাপাশি সামাজিক ও মানসিক সহায়তাও পাবে।" তিনি প্রবাসীদের অংশীদার হওয়ার আমন্ত্রণ জানান।

বক্তব্যে ফ্রেন্ডস অব ব্যানক্যাট ইউকের উপদেষ্টা মোকসুদ আহমেদ খান বলেন, "বাংলাদেশের স্বাস্থ্য খাতে এই উদ্যোগ একটি মাইলফলক। আন্তর্জাতিক সহযোগিতা ছাড়া এমন প্রকল্প বাস্তবায়ন কঠিন। আমরা প্রবাসীরা এই দায় নিতে প্রস্তুত।"

এই ভিলেজে থাকবে মোসাব্বির আলোক নিবাস – ক্যান্সার রোগীদের উপশম ও শেষ জীবনের সেবা কেন্দ্র, আলোক কাঁথা – ক্যান্সার যোদ্ধা ও তাদের পরিবারের জন্য জীবিকা অর্জনের উদ্যোগ, আলোকন – শিক্ষা, জ্ঞান ও সুস্থতা কেন্দ্র, কিউর সেন্টার – উন্নত ডায়াগনস্টিক ও গবেষণাগার, আলোক সেবা – কেয়ারগিভার ট্রেনিং একাডেমি, কমিউনিটি সুবিধা যেমন মসজিদ, গবেষণা ও উন্নয়ন বিভাগ, লাইব্রেরি, ডেটা সেন্টার, মার্কেটপ্লেস, স্টাফ ডরমিটরি এবং এস্টেট অফিস।

আলোচনায় আরও উপস্থিত ছিলেন সুহাইল খান (চেয়ারম্যান, বিয়ানীবাজার ক্যান্সার ও জেনারেল হাসপাতাল), শাহাব উদ্দিন আহমেদ (সিইও, বিয়ানীবাজার ক্যান্সার ও জেনারেল হাসপাতাল), পারভেজ আহমেদ (সাবেক মেয়র, ব্রেন্ট কাউন্সিল), সারওয়ান চৌধুরী (সাবেক মেয়র, ক্রয়ডন কাউন্সিল), অলী খান (সভাপতি, বিসিএ), তৈসির মাহমুদ (সচিব, লন্ডন বাংলা প্রেস ক্লাব), আব্দুর রাজ্জাক (হিসাবরক্ষক), পারভেজ রশিদ (কমিউনিটি নেতা), মতিউর রহমান খোকন, ইঞ্জিনিয়ার আহমেদ হোসেন মুকুল, আব্দুল মুনিম জাহেদী ক্যারল (সিনিয়র সাংবাদিক), রেজাউল করিম মৃধা (সহ-সাধারণ সম্পাদক, লন্ডন বাংলা প্রেস ক্লাব) এবং জুয়েল জামান (কমিউনিটি অ্যাকটিভিস্ট)।

ব্যানক্যাট (BANCACT) একটি অলাভজনক প্রতিষ্ঠান, যার লক্ষ্য – ক্যান্সার রোগীদের জন্য বাংলাদেশে সমান সুযোগে সহানুভূতিশীল ও আধুনিক চিকিৎসা নিশ্চিত করা।

ইত্তেফাক/এএইচপি