জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলে স্থান না পাওয়ায় সংগঠনটির ভেতরে গ্রুপিং, লেজুড়বৃত্তি ও স্বজনপ্রীতির অভিযোগ এনে সাধারণ সম্পাদক (জিএস) পদে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দা অন্যন্যা ফারিয়া।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে ছাত্রদল-সমর্থিত প্যানেল ঘোষণার পর বিকাল ৪টায় এক সংবাদ সম্মেলনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দেন। অন্যন্যা ফারিয়া বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী এবং শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির একজন সক্রিয় সদস্য।
সংবাদ সম্মেলনে ফারিয়া বলেন, 'প্রথমে আমাকে জিএস ও এজিএস পদে মনোনয়ন ফরম তুলতে বলা হয়েছিল। কিন্তু পরে প্যানেল গঠনে গ্রুপিং, লেজুড়বৃত্তি ও স্বজনপ্রীতির মাধ্যমে একটি পক্ষ বিশেষ সুবিধা পেয়েছে। এই কারণে প্যানেলটি শিক্ষার্থীবান্ধব হয়নি।'
তিনি আরও বলেন, 'জাকসুতে প্রতিনিধিত্বের মূল লক্ষ্য হওয়া উচিত শিক্ষার্থীদের অধিকার রক্ষা। ’২৪-এর গণঅভ্যুত্থানের পর থেকে আমি উপলব্ধি করেছি, নতুন দিনের রাজনীতি হওয়া উচিত স্বজনপ্রীতিমুক্ত, লেজুড়বৃত্তিহীন এবং একান্তভাবে শিক্ষার্থীদের জন্য নিবেদিত। এই প্যানেলে থেকে নির্বাচনে অংশ নিলে আমার নৈতিক অবস্থান ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছি। তাই নৈতিক অবস্থান থেকে আমি ছাত্রদলের বাইরে এসে জিএস পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছি।'
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, 'জাকসুতে নির্বাচিত হলে আমি নিশ্চিত করবো, কোনো শিক্ষার্থী যেন কোনো গোষ্ঠীর খেলনা না হয় কিংবা কোনো সিন্ডিকেটের হয়ে কাজ করতে বাধ্য না হয়। আমরা জুলাইয়ে যে স্বপ্ন নিয়ে লড়াই শুরু করেছিলাম, সেই স্বপ্ন বাস্তবায়নে আমি শিক্ষার্থীদের পক্ষে থেকে লড়াই চালিয়ে যাব।'
