গেন্ডারিয়ার ডিআইটি পুকুরপাড় এলাকায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা অপসারণে ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এ সময় ডিআইটি পুকুরপার ঘিরে থাকা অবৈধ স্থাপনাসমূহ উচ্ছেদ ও অবৈধ ভাবে নেওয়া বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাজউকের জোন ৭/১ এর আওতাধীন ডিআইটি পুকুরপাড় ঘিরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা অপসারণের লক্ষ্যে মোবাইল কোর্টের মাধ্যমে উচ্ছেদ অভিযান চালানো হয়।
ডিআইটি পুকুরপার রক্ষা কমিটির অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলামের নির্দেশ মোতাবেক রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেনের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় ডিআইটি পুকুরপারের চারপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এর মধ্যে রয়েছে রেস্টুরেন্ট, দুই তলা ইমারত, রিকশার গ্যারেজসহ অন্যান্য অবৈধ স্থাপনা।
আদালত চলাকালে অবৈধভাবে নেওয়া বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। রাজউকের ইমারত নির্মাণ বিধিমালার ব্যত্যয় করে নির্মিত স্থাপনাসমূহ অপসারণের লক্ষ্যে রাজউক কর্তৃক নিয়মিত কার্যক্রম চলমান রয়েছে যার অংশ হিসেবেই পরিচালিত হয় আজকের মোবাইল কোর্ট ও উচ্ছেদ কার্যক্রম।
এসময় আরও উপস্থিত ছিলেন– রাজউকের অথরাইজড অফিসার এস এম এহসানুল ইমাম, সহকারী অথরাইজড অফিসার মো. আব্দুর রাজ্জাক তোহা, প্রধান ইমারত পরিদর্শক, ইমারত পরিদর্শকসহ অন্যান্য কর্মকর্তারা।
এ সময় দীর্ঘদিন ধরে দখলকৃত এসকল স্থাপনা উচ্ছেদ কার্যক্রম পরিচালনার জন্য ডিআইটি পুকুর পাড় এলাকাবাসীরা রাজউক ও রাজউক চেয়ারম্যানকে ধন্যবাদ জানান।
