ইসরাইলের সঙ্গে সব চুক্তি বাতিল ফিলিস্তিনের

আপডেট : ২৬ জুলাই ২০১৯, ২১:৫৯

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলছেন, ইসরাইলের সঙ্গে করা চুক্তিগুলো তারা আর মেনে চলবে না। জেরুজালেমের শহরতলীতে কিছু ফিলিস্তিনি বাড়িঘর ইসরাইল ধ্বংস করার পর ফিলিস্তিনি কর্তৃপক্ষ এক জরুরি বৈঠক করে। এরপরই মাহমুদ আব্বাস এই ঘোষণা করেন। খবর বিবিসির

ইসরাইল দাবি করছে, এসব বাড়িঘর অবৈধভাবে নির্মাণ করা হয়েছিল। গত ২৫ বছর ধরে ইসরাইল এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের মধ্যে যেসব চুক্তি হয়েছে তাতে নিরাপত্তা সহযোগিতাসহ নানা ধরনের প্রশাসনিক ব্যবস্থাপনার বিষয় ছিল। ফিলিস্তিনি কর্তৃপক্ষের এই ঘোষণা নিয়ে ইসরাইল গতকাল পর্যন্ত কোনো মন্তব্য করেনি। আব্বাস বলেছেন, এই ঘোষণা বাস্তবায়নের জন্য তারা এখন একটি কমিটি গঠন করবেন। পশ্চিম তীরের বেশ কয়েকটি ফিলিস্তিনি বাড়িঘর ভেঙে দেওয়ার পর ইসরাইলি ও ফিলিস্তিনিদের মধ্যে উত্তেজনা অনেকগুণ বেড়েছে। ইসরাইলের    হাইকোর্ট এর আগে রায় দিয়েছে যে সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছে এই ভবনগুলো ইসরাইলের নিরাপত্তার জন্য হুমকি। এই ঘটনায় ১৭ জন ফিলিস্তিনি গৃহহীন হয়েছেন। আন্তর্জাতিক অঙ্গনে ইসরাইলের এই পদক্ষেপের কঠোর নিন্দা জানানো হয়েছে।