কুড়িগ্রামে বাসের ধাক্কায় ইজিবাইকের তিন যাত্রী নিহত

আপডেট : ২৬ জুলাই ২০১৯, ২২:০০

কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের কাঁঠালবাড়ী মাদ্রাসা মোড়ে বাসের ধাক্কায় ব্যাটারিচালিত একটি ইজিবাইকের তিন যাত্রী নিহত ও তিনজন আহত হয়েছে। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন—কুড়িগ্রাম সদরের করিমের খামার জিগাবারী ঘাট এলাকার শুকুর আলীর ছেলে মোস্তফা কামাল (৩৫), তার স্ত্রী জ্যোত্স্না বেগম (২৮) ও মোস্তফার নানি আমেনা বেওয়া (৭৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, লালমনিরহাট জেলার বড়বাড়ী থেকে ইজিবাইকটি কুড়িগ্রামের দিকে আসছিল। এ সময় রংপুর থেকে কুড়িগ্রামগামী কুমিল্লা-জ ১১-০০১০ অর্পণ পরিবহনের মিনিবাসটি পেছন থেকে ইজিবাইককে ধাক্কা দিলে চালকসহ সাতজন আহত হয়। দুর্ঘটনায় ইজিবাইকটি দুমড়ে মুচড়ে যায়।

হাসপাতালে চিকিত্সাগ্রহণ অবস্থায় তিনজনের মৃত্যু হয়। আহত ইজিবাইক চালক মানিক মিয়াকে (৩৫) রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কুড়িগ্রামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান, পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান, সিভিল সার্জন ডা. এস এম আমিনুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল আলম হাসপাতালে আহতদের খোঁজখবর নিয়েছেন।