জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের প্রচারণা শুক্রবার (২৯ আগস্ট) বিকেল ৪টা থেকে শুরু হচ্ছে। এই প্রচারণা চলবে ৯ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে জাকসু নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান এবং সদস্য সচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫ এর নির্বাচনী প্রচারণা আগামী ২৯/০৮/২০২৫ তারিখ বিকাল ৪.০০টা হতে ০৯/০৯/২০২৫ তারিখ রাত ১২.০০টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। উক্ত সময়ের আগে বা পরে কোনো প্রার্থী বা তার সমর্থক অফলাইন বা অনলাইন প্লাটফর্মে কোনোরূপ নির্বাচনী প্রচারণা করতে পারবেন না।’
এছাড়া আরও বলা হয়, ‘কোনো প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী প্রচারণা সংক্রান্ত আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেলে নির্বাচন কমিশন নির্বাচনী আচরণ বিধিমালা অনুসারে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে।’
