মেরিন ড্রাইভে মাছ ধরতে গিয়ে দুই কিশোর নিখোঁজ

আপডেট : ২৯ আগস্ট ২০২৫, ১৬:২২

কক্সবাজারের উখিয়ায় মেরিন ড্রাইভ সংলগ্ন সৈকতে মাছ ধরতে গিয়ে সাগরের ঢেউয়ে ভেসে গেছে দুই কিশোর শিক্ষার্থী।

শুক্রবার (২৯ আগস্ট) ভোরে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মনখালী এলাকার সুইজারল্যান্ড পয়েন্টে এ ঘটনা ঘটে।

নিখোঁজ কিশোররা হলেন—উখিয়ার মনখালী এলাকার নুর হোসেনের ছেলে হাবিবুল আবছার (১৬) ও নাজির হোসেনের ছেলে মোহাম্মদ সাঈম (১৫)। তারা দুজনই মাদারবনিয়া উপকূলীয় উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দিন ভোরে ছয় কিশোর মিলে সমুদ্রসৈকতে মাছ ধরতে যায়। এক পর্যায়ে হঠাৎ জোয়ারের পানির তোড়ে হাবিবুল ও সাঈম সাগরে তলিয়ে যায়। সঙ্গীরা তাদের উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হয়।

মনখালীর বাসিন্দা আব্দুর রহমান জানান, 'সকালে ছেলেগুলো মাছ ধরতে গিয়েছিল। হঠাৎ স্রোতের তোড়ে দুইজন নিখোঁজ হয়ে যায়। আমরা তাদের খুঁজে পাচ্ছি না। দ্রুত উদ্ধারের জন্য প্রশাসনের সহযোগিতা চাই।'

ঘটনার সত্যতা নিশ্চিত করে ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ দুর্জয় সরকার বলেন, 'খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছি।'

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, 'নিখোঁজ শিক্ষার্থীদের উদ্ধারে পুলিশ, ফায়ার সার্ভিস এবং কোস্টগার্ড যৌথভাবে অভিযান চালাচ্ছে। আমরা স্থানীয়দের সহায়তায় জোয়ার-ভাটার সময় বিবেচনায় নিয়ে তল্লাশি চালাচ্ছি। পাশাপাশি নিখোঁজদের পরিবারের সঙ্গেও সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।'

ইত্তেফাক/আইএ