বাংলাদেশের ক্রীড়াঙ্গনে বিশ্বমানের সরঞ্জাম সহজলভ্য করতে চীনের শীর্ষস্থানীয় স্পোর্টস লজিস্টিকস ও ইকুইপমেন্ট ব্র্যান্ড ‘লিংজিয়ান’-এর সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে গেমপ্লে লিমিটেড।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর নিকেতনের অল ব্রডকাস্টার্স কমিউনিটি অফিসে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
এটি বাংলাদেশের ক্রীড়া অবকাঠামো উন্নয়ন ও পেশাদার ক্রীড়া সামগ্রীর সরবরাহে একটি বড় পদক্ষেপ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। চুক্তির আওতায়, গেমপ্লে লিমিটেড লিংজিয়ান-এর বাংলাদেশে একমাত্র দেশীয় প্রতিনিধি ও পরিবেশক হিসেবে কাজ করবে।
ফুটবল, ব্যাডমিন্টন, টেনিস, হ্যান্ডবল, ভলিবল, দড়িলাফ ও ইয়োগা বিভিন্ন খেলাধুলার জন্য উন্নত মানের সামগ্রী এখন থেকে দেশের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, ফেডারেশন ও একাডেমিগুলোর কাছে আরও সহজলভ্য হবে।
গেমপ্লে লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মাকসুম-উল-হোসেন বলেন, লিংজিয়ান-এর বৈশ্বিক অভিজ্ঞতা আর গেমপ্লে-র স্থানীয় বিশ্বাসযোগ্যতা মিলিয়ে দেশের ক্রীড়াব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তন আনবে। আমরা ক্রীড়ার জগতে শুধু পণ্য নয়, প্রযুক্তি, প্রশিক্ষণ এবং পেশাদার সাপোর্টও নিশ্চিত করতে চাই।
চুক্তি অনুষ্ঠানে লিংজিয়ান-এর পক্ষে উপস্থিত ছিলেন মি. ফ্রাংক, চেয়ারম্যান, বিওয়াই ইন্টারন্যাশনাল, সাইনো গ্লোবার কর্পোরেশন। তিনি বলেন,
বাংলাদেশ আমাদের জন্য একটি সম্ভাবনাময় বাজার। গেমপ্লের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে আমরা দেশের প্রতিটি প্রান্তে পণ্য পৌঁছানোর পাশাপাশি স্থানীয় খেলোয়াড়দের উন্নত প্রশিক্ষণ সুবিধাও দিতে চাই।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মি. লি শিয়াও, ইউনান প্রদেশের প্রতিনিধিত্বকারী পরিচালক। তিনি এই অংশীদারিত্বকে “বাংলাদেশ-চীন ক্রীড়া সহযোগিতার মাইলফলক” হিসেবে উল্লেখ করেন।
গেমপ্লে লিমিটেডের চেয়ারম্যান ফয়সাল তিতুমীর সমাপনী বক্তব্যে বলেন, এ চুক্তির মাধ্যমে দেশের ক্রীড়ানুরাগীরা বিশ্বমানের, অথচ সাশ্রয়ী ক্রীড়া সামগ্রী পাবে। আমাদের লক্ষ্য হলো গ্রাসরুট স্তর থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত ক্রীড়া উন্নয়নে অবদান রাখা।
গেমপ্লে লিমিটেড বিগত সাত বছর ধরে বাংলাদেশে স্পোর্টস ডিপ্লোমেসি ও ইভেন্ট ম্যানেজমেন্ট-এ কাজ করে আসছে। প্রতিষ্ঠানটি ইতোমধ্যে আয়োজন করেছে "এম্বেসি ফুটবল ফেস্ট", "ডিপ্লোম্যাটিক ব্যাডমিন্টন", "ঢাকা ডিপ্লোম্যাটিক গলফ টুর্নামেন্ট" সহ নানা আন্তর্জাতিক ক্রীড়া আসর।
