আড়াইহাজারে অস্ত্র হাতে ভিডিও ভাইরাল, যুবক আটক

আপডেট : ২৯ আগস্ট ২০২৫, ১৮:২৫

নারায়ণগঞ্জের আড়াইহাজারে আগ্নেয়াস্ত্র হাতে সাবিদ হোসেন (২০) নামে এক যুবকের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় জনমনে আতঙ্ক সৃষ্টি হলে পুলিশ তাকে আটক করে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে অভিযান চালিয়ে ওই যুবককে আটক করেছে থানা পুলিশ।

আটক সাবিদ হোসেন উপজেলার দুপ্তরা ইউনিয়নের খানপাড়া গ্রামের মনিরুল ইসলাম দর্পনের ছেলে।

পুলিশ জানায়, ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একটি ঘরের ভেতর সাবিদ হাতে বিদেশি আগ্নেয়াস্ত্র ও ম্যাগাজিন নিয়ে খেলা করছে এবং তা নাড়াচাড়া করছে। ভিডিওটি গত দুই-তিন দিনে বিভিন্ন ফেসবুক গ্রুপ ও পেজে ভাইরাল হয়ে পড়ে। এতেএলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হলে পুলিশ তাকে আটক করে।

জানা গেছে, এ ঘটনায় ব্যবহৃত অস্ত্রটি উদ্ধার করতে পারেনি পুলিশ। অস্ত্রটির অবস্থান ও উৎস খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম মাঠে কাজ করছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির উদ্দিন বলেন, ‘ভিডিওতে দেখা যুবককে আমরা আটক করেছি। তবে অস্ত্রটি এখনো উদ্ধার হয়নি। আমরা তদন্ত করে দেখছি অস্ত্রটি কোথা থেকে এসেছে এবং তার কাছে কীভাবে গেল।’

তিনি আরও বলেন, ভিডিওতে যে সাবিদকে দেখা গেছে, তাকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত কিনা, তা যাচাই করা হচ্ছে। 

ইত্তেফাক/এমএএস