পিরোজপুরের ভাণ্ডারিয়ায় নারিকেল চুরির ঘটনায় চোরের হাতে মো. রেজাউল করিম ঝন্টু (৫০) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। শুক্রবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৯ দিকে উত্তর শিয়ালকাঠী গ্রামে এ ঘটনা ঘটে।
রেজাউল করিম ঝন্টু উপজেলার ১ নম্বর ভিটাবাড়িয়া ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের উত্তর শিয়ালকাঠী গ্রামের মো. আইউব আলী খলিফার ছেলে এবং ঐ ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। অভিযুক্ত রুবেল খান একই এলাকার মজিবুর খানের ছেলে।
স্থানীয় ও স্বজন সূত্রে জানা গেছে, উপজেলার উত্তর শিয়ালকাঠী গ্রামের মরহুম আব্দুল হালিম উকিল প্রফেসরের বাড়ি থেকে গত বৃহস্পতিবার দুপুরে ৪৫টি নারিকেল পেড়ে নেয় রুবেল খান। এ নিয়ে রাতেই হালিম প্রফেসরের ছেলে মাসুদ রানা থানায় অভিযোগ করেন। ব্যাপারটি রুবেল খানের আত্মীয় রেজাউল করিম ঝন্টুকেও জানায় মাসুদ রানা। ঝন্টু ওই রাতেই রুবেলকে নারিকেল ফিরিয়ে দিতে বলে। রুবেল ফিরিয়ে দিতে অস্বীকৃতি জানিয়ে রুবেল ঝন্টু দেখে নেওয়ার হুমকি প্রদান করেন।
এই ঘটনার জেরে শুক্রবার সকালে ঝন্টু মাসুদদের বাড়ির সামনে গেলে রুবেল তার সঙ্গে থাকা চাকু দিয়ে বেশ কয়েকটি আঘাত করে। এতে ঝন্টু মারাত্মক জখম হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের মা রিজিয়া বেগম সাংবাদিকদের বলেন, আমার ছেলে নাস্তা না খেয়ে ঘর থেকে বের হয়ে রাস্তায় যাওয়ার সময় পথিমধ্যে মাসুদের বাড়ির সমানে ওৎ পেতে থাকা রুবেল আমার ছেলেকে কুপি হত্যা করে। আমি আমার ছেলে হত্যার বিচার চাই। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে নিহতের ছেলে বাদী হয়ে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. খায়রুল বাশার জানান, আজ (শুক্রবার) সকালে রেজাউল করিম ঝন্টু নামের এক ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।
এ বিষয়ে ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গির হোসেন জানান, নিহতের লাশ মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত রুবেল পলাতক। তাকে আটকের চেষ্টা চলছে।
