নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ফ্রিজের কম্প্রেসর বিস্ফোরণে দগ্ধ হয়ে একই পরিবারের ৯ সদস্য আহতের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউ বিভাগে চিকিৎসাধীন অবস্থায় কলেজছাত্রী তানজিলা আক্তার তিশা (১৭) এবং দুপুরে তার খালা সালমা বেগম (৩২) মারা গেছেন। এ নিয়ে ওই ঘটনায় মোট ৬ জনের মৃত্যু হয়েছে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক শাওন বিন রহমান।
এর আগে, গত শুক্রবার (২২ আগস্ট) রাত সাড়ে ৩টায় ফ্রিজের কম্প্রেসর বিস্ফোরণে পাশাপাশি দুটি ঘরে থাকা ২ বোনের পরিবারের ৯ সদস্য দগ্ধ হয়। পরবর্তীতে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারী ইনস্টিটিউটে ভর্তি করা হলে গত ২৪ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় মারা যায় এক মাস বয়সী শিশু ইমাম উদ্দিন, ২৫ আগস্ট তার নানি তাহেরা আক্তার (৫০) মারা যান। এরপর গতকাল বৃহস্পতিবার হাসান গাজী ও তার মেয়ে ৪ বছর বয়সী শিশু মেয়ে জান্নাত এবং শুক্রবার দুপুরে স্ত্রী সালমার মৃত্যু হয়।
এদিকে বিস্ফোরণের ঘটনার কারণ নিয়ে স্থানীয়দের মধ্যে মতভেদ রয়েছে। ফায়ার সার্ভিস ঘটনার জন্য বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ফ্রিজের কম্প্রেসর বিস্ফোরিত হয়ে সৃষ্ট আগুনে ওই ৯ জন দগ্ধ হওয়ার দাবি করছে স্থানীয়রা। কিন্তু হতাহতদের প্রতিবেশিদের দাবি তারা ওই ঘর থেকে তিতাস গ্যাসের গন্ধ পেয়েছেন। তাছাড়া ফ্রিজের কম্প্রেসর বিস্ফোরণ হয় কিনা তা নিয়েও মতভেদ রয়েছে।
