বগুড়ায় দুর্বৃত্তের আগুনে পুড়ল ৭০০ মুরগী!

আপডেট : ২৭ জুলাই ২০১৯, ০০:০০

বগুড়ার শাজাহানপুরে একটি মুরগির ফার্মে দুর্বৃত্তদের দেওয়া আগুনে প্রায় ৭০০ মুরগি ভস্মীভূত হয়েছে। গত বৃহস্পতিবার গভীর রাতে  মাদলা ইউনিয়নের বদলি পলান গ্রামের মতিউর রহমানের খামারে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, মতিউর রহমান নিজ বাড়ি সংলগ্ন চারটি শেডে প্রায় ৪ হাজার মুরগি পালন করে আসছেন। বৃহস্পতিবার রাত দুইটার পর দুর্বৃত্তরা ফার্মের একটি মুরগির শেডে আগুন ধরিয়ে দেয়। প্রতিবেশীরা টের পেয়ে আগুন নিভিয়ে ফেলে। ততক্ষণে একটি শেডের ৭০০ মুরগি পুড়ে মারা যায়।

ফার্মের মালিক মতিউর রহমান জানান, তার সঙ্গে প্রতিবেশী মাহফুজার, মামুন ও মোশারফের ৯৬ শতাংশ জায়গা নিয়ে বিরোধ চলে আসছে। মুরগির ফার্মটি ঐ বিরোধপূর্ণ জায়গায় অবস্থিত। তারা ফার্মে আগুন ধরিয়ে দিয়ে উচ্ছেদ করবে বলে হুমকি দিয়ে আসছিল। যে কারণে গত কয়েকদিন ধরে রাতের বেলা ফার্মে পাহারা বসানো হয়। বৃহস্পতিবার রাতেও পাহারাদার ছিল। কিন্তু রাত দুইটার পর পাহারাদার ঘুমিয়ে গেলে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে তিন লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে বলে জানান মতিউর রহমান। তিনি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।