গুজব ছড়িয়ে ষড়যন্ত্র করে সরকারের পতন ঘটানো যাবে না -------------------------কৃষিমন্ত্রী

আপডেট : ২৭ জুলাই ২০১৯, ০০:০৭

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, ছেলেধরা কোথাও নেই, কোনো এলাকায় এর অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। গুজব ছড়িয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা একত্র হয়ে সরকার পতন ঘটাতে চায়, ইনশাআল্লাহ তারা সরকারের পতন ঘটাতে পারবে না। মেলান্দহের দুরমুঠ আমবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শুক্রবার দুপুরে বন্যার্তদের মাঝে আওয়ামী লীগ দলীয় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, পর্যাপ্ত ত্রাণ মজুদ রয়েছে, যত ত্রাণ প্রয়োজন, দুর্গতদের দেওয়া হবে। কাউকে না খেয়ে থাকতে হবে না। খাদ্যে বাংলাদেশকে স্বয়ংসম্পূর্ণ করতে ধানের উত্পাদন বাড়াতে নতুন নতুন ধান আবিষ্কার করা হয়েছে। পানি নেমে গেলে কৃষকদের বিনামূল্যে বীজ ও সার দেওয়া হবে।

বিশেষ অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, ত্রাণের কোনো সংকট নেই, বন্যা দুর্গত এলাকাগুলোতে যেখানে যখন যা ত্রাণ লাগবে সরবরাহ করা হবে। মেলান্দহ উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামরুজ্জামানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি, অসিম কুমার উকিল এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক বেগম শামছুন্নাহার চাঁপা, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী ও সদস্য মারুফা আক্তার পপি, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ চৌধুরী প্রমুখ। পরে কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ কমিটি জেলার ৬টি উপজেলায় ১০টি স্পটে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন।