বরিস জনসনের ব্রেক্সিট নীতি অগ্রহণযোগ্য : ইইউ

আপডেট : ২৭ জুলাই ২০১৯, ০০:০৭

ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী বরিস জনসনের ব্রেক্সিট নীতিকে ‘অগ্রহণযোগ্য’ বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ব্রেক্সিট নিয়ে ইইউ’র সমঝোতাকারী মাইকেল বার্নিয়ার বলেন, আয়ারল্যান্ড সীমান্ত নিয়ে ব্যাকস্টপ গ্যারান্টিকে অপসারণ করা অগ্রহণযোগ্য। বৃহস্পতিবার পার্লামেন্টে বরিস জনসন বলেন, প্রয়োজনে কোনো চুক্তি ছাড়াই ইইউ ছাড়বে ব্রিটেন। এরই মাঝে বিষয়টি নিয়ে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জ্যঁ ক্লদ জাঙ্কারের সঙ্গে ফোনালাপও করেছেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী। জ্যঁ ক্লদ জাঙ্কার বলেন, ইইউ ব্রেক্সিট সমঝোতায় সর্বোচ্চ ছাড় দিয়েছে। এর চেয়ে বেশি কিছু দেওয়ার সুযোগ নেই। এদিকে বরিস জনসনের মুখে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের স্লোগান শোনা গেছে। বৃহস্পতিবার বরিস জনসন বলেন, ‘আই উইল মেইক ব্রিটেন এগেইন’ (আমি ব্রিটেনকে শ্রেষ্ঠত্বের স্থানে নিয়ে যাবো)। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পও একই স্লোগান দিয়েছিলেন। -সিএনএন ও রয়টার্স