জামালপুরে বিএনপির সাবেক এক নেতাসহ তিন ভাইয়ের বিরুদ্ধে এক কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রাণনাশের ভয়ে তিনটি পরিবার বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
শনিবার (৩০ আগস্ট) রাতে জামালপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পৌর শহরের পূর্ব ফুলবাড়িয়া এলাকার মৃত জামাল উদ্দিনের মেয়ে রোকসানা ইয়াছমিন দীপা এ অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে তিনি জানান, জামালপুর শহরের গেইটপাড় এলাকায় রেলওয়ে ওভারপাস নির্মাণে তাদের তিন পরিবারের মালিকানাধীন ভূমি ও স্থাপনার কিছু অংশ সরকার অধিগ্রহণ করেছে। এর ক্ষতিপূরণ বাবদ অধিগ্রহণ শাখা থেকে ২ কোটি ৬২ লাখ টাকার পত্র দেওয়া হয়েছে। এ অবস্থায় ওই ভূমির মালিকানা না থাকা সত্ত্বেও বিএনপির সাবেক নেতা আনোয়ার হোসেন ও তার দুই ভাই সাজু ও রাজু ক্ষতিপূরণের টাকার অংশ হিসেবে এক কোটি টাকা দাবি করেছেন।
তিনি অভিযোগ করেন, দাবিকৃত টাকা না দেওয়ায় তাদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। ফলে তিনি ও তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং বর্তমানে বাড়িঘর ছেড়ে পালিয়ে থাকতে বাধ্য হচ্ছেন। এ সময় তিনি পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং হুমকিদাতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ বিষয়ে অভিযুক্ত বিএনপির সাবেক নেতা আনোয়ার হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, অধিগ্রহণ করা জমি তাদের পৈত্রিক সম্পত্তি। তাই ক্ষতিপূরণের টাকা তাদের পাওয়ার কথা।
