বাকৃবিতে উপাচার্যসহ দুই শতাধিক শিক্ষক অবরুদ্ধ

আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ১৯:৫৭

‘কম্বাইন্ড (সমন্বিত) ডিগ্রির দাবি’ নিয়ে সিদ্ধান্তের লক্ষ্যে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের বৈঠকে কাঙ্ক্ষিত সিদ্ধান্ত না আসায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্যসহ দুই শতাধিক শিক্ষককে অবরুদ্ধ করেছেন ভেটেরিনারি ও পশুপালন অনুষদের শিক্ষার্থীরা।

রোববার (৩১ আগস্ট) বেলা ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে তাদের অবরুদ্ধ করে তালা ঝুলিয়ে দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সন্ধ্যা ছয়টায় শেষ খবর পাওয়া পর্যন্ত শিক্ষকেরা অবরুদ্ধ ছিলেন।

এর আগে সকাল ১১টায় একই মিলনায়তনে কম্বাইন্ড ডিগ্রি ইস্যু নিয়ে একাডেমিক কাউন্সিলের জরুরি সভা শুরু হয়। 

সরেজমিনে দেখা যায়, সকাল ৯ টা থেকে দুই অনুষদের শিক্ষার্থীরা শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনের আশেপাশে জড়ো হতে থাকেন। শিক্ষার্থীদের এক দফা দাবি ছিলো- ‘এক পেশায় এক ডিগ্রি, কম্বাইন্ড ডিগ্রি’। দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত আশানুরূপ না হওয়ায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষককে একত্রে অবরুদ্ধ করে তালা লাগিয়ে দেন।

জানা যায়, একাডেমিক কাউন্সিলে সিদ্ধান্ত হয়েছে বিশ্ববিদ্যালয়ে বিএসসি ইন অ্যানিমেল হাজবেন্ড্রি, ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিন এবং দুই অনুষদের সমন্বয়ে কম্বাইন্ড ডিগ্রি; এই তিনটি ডিগ্রিই থাকবে। শিক্ষার্থীদের দীর্ঘদিনের আন্দোলনের প্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নিয়েছে বাকৃবি। তবে শিক্ষার্থীরা তিন ডিগ্রি মেনে নেয়নি। তারা চায় এক পেশায় এক ডিগ্রি, কম্বাইন্ড ডিগ্রি। ফলশ্রুতিতে শিক্ষার্থীরা সকাল ১১ টা থেকে উপাচার্যসহ প্রায় ২২৭ জন শিক্ষককে অবরুদ্ধ করে রেখেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত শিক্ষকরা অবরুদ্ধ রয়েছেন।

এসময় বাকৃবির পশুপালন অনুষদের শিক্ষার্থী আতিক বলেন, আমরা বারবার বলেছি, ‘এক পেশায় এক ডিগ্রি চাই’। কিন্তু একাডেমিক কাউন্সিল তিনটা আলাদা ডিগ্রি রাখার সিদ্ধান্ত নিয়েছে। এতে আমাদের আন্দোলনের মূল উদ্দেশ্য ব্যাহত হলো। আমরা চাই কম্বাইন্ড ডিগ্রি যেন একক ডিগ্রি হিসেবে স্বীকৃত হয়। অন্যথায় পেশাগত জীবনে বিভ্রান্তি তৈরি হবে। তাই আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।

ইত্তেফাক/এমএস