পুরুষদের থেকেও নারী বিশ্বকাপে বেশি প্রাইজমানি দেবে আইসিসি 

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৩৫

চলতি বছরের ৩০ সেপ্টেম্বর মাঠে গড়াবে নারী ওয়ানডে বিশ্বকাপ। আসন্ন এই বৈশ্বিক টুর্নামেন্টকে সামনে রেখে প্রাইজমানি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আগের আসরের তুলনায় এবার প্রাইজমানি বেড়েছে চার গুণ। যা পুরুষদের সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপের চেয়েও বেশি।

এবারের নারী ওয়ানডে বিশ্বকাপের মোট পুরস্কার ধরা হয়েছে ১৩.৮৮ মিলিয়ন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫৩ কোটি টাকা। নারীদের এই বিশ্বকাপের পুরস্কার অর্থ ২০২৩ সালের পুরুষদের ওয়ানডে বিশ্বকাপের চেয়েও বেশি। সেবার পুরুষদের আসরে প্রাইজমানি ছিল ১০ মিলিয়ন ডলার।

May be an image of 2 people and text that says "09 134 123 AhaTn MAJOR ANNOUNCEMENT RECORD PRIZE MONEY FOR ICC WOMEN'S S CRICKET WORLD CUP 2025 JAY SHAH CHAIRMAN"

আইসিসি চেয়ারম্যান জয় শাহ এক বিবৃতিতে বলেন, 'এটি নারী ক্রিকেটের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। প্রাইজমানির এই ব্যাপক বৃদ্ধির মাধ্যমে আমরা দেখাতে চাই, নারী ক্রিকেটাররা পুরুষদের সমান মর্যাদা পাওয়ার যোগ্য।'

উল্লেখ্য, ২০২২ নারী বিশ্বকাপে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া পেয়েছিল মাত্র ১.৩২ মিলিয়ন ডলার। এবার চ্যাম্পিয়নদের জন্য প্রাইজমানি বেড়ে দাঁড়িয়েছে ৪.৪৮ মিলিয়নে। অন্যদিকে, ২০২৩ সালে ভারতের মাটিতে পুরুষ বিশ্বকাপ জিতে অস্ট্রেলিয়া পেয়েছিল ৪ মিলিয়ন ডলার, যা এবার পেছনে ফেললো নারী ক্রিকেট।

কে কত প্রাইজমানি পাবে

চ্যাম্পিয়ন: ৪.৪৮ মিলিয়ন ডলার

রানার্স-আপ: ২.২৪ মিলিয়ন ডলার

সেমিফাইনালিস্ট: ১.১২ মিলিয়ন ডলার করে

গ্রুপ পর্বে প্রতি ম্যাচ জয়ের পুরস্কার: ৩৪,৩১৪ ডলার

৫ম ও ৬ষ্ঠ স্থানে থাকা দল: ৭ লাখ ডলার করে

৭ম ও ৮ম দল: ২.৮ লাখ ডলার করে

প্রত্যেক অংশগ্রহণকারী দল: ২.৫ লাখ ডলার

ইত্তেফাক/জেডএইচ