সিরাজগঞ্জের চৌহালী উপজেলা সদরের জোতপাড়া এলাকায় যমুনা নদীর তীরে অবস্থিত তীর সংরক্ষণ বাঁধে ধস দেখা দিয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত এই ধসের বিস্তৃতি দাঁড়ায় প্রায় ৪৫ মিটার পর্যন্ত।
স্থানীয়রা জানিয়েছেন, গত কয়েকদিন ধরে যমুনা নদীতে পানির প্রবাহ হঠাৎ বেড়ে যাওয়ায় এবং তীব্র স্রোতের কারণে বাঁধের বাম তীরে এই ধসের সৃষ্টি হয়েছে। তবে ধস ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এখনও কোনো তাৎক্ষণিক ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। এতে তীরবর্তী মানুষের মধ্যে ভয় ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
দুপুরে ধস কবলিত এলাকা পরিদর্শন করেন চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান। তিনি স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং তাদের আশ্বস্ত করে জানান, সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডকে বিষয়টি অবহিত করা হয়েছে। আশা করছি, তারা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
এদিকে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ মোখলেছুর রহমান সাংবাদিকদের জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রায় ৪০–৪৫ মিটার এলাকা ধসে গেছে। আগামীকাল (মঙ্গলবার) থেকে বাঁধ মেরামতের কাজ শুরু করা হবে।
