অবৈধ মাইক্রোস্ট্যান্ড উচ্ছেদের সময় ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর, সড়ক অবরোধ

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৫৮

নোয়াখালী জেলা শহর মাইজদীতে উচ্ছেদ অভিযান পরিচালনার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়িতে হামলা করা হয়েছে। এসময় ম্যাজিস্ট্রেটের গাড়ি’সহ বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত ম্যাজিস্ট্রেটকে অবরুদ্ধ করে রাখা হয়। 

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে মাইজদী পৌর বাজার এলাকার জিলা স্কুল ও শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

অভিযান চলার সময় চালক-শ্রমিকেরা শহরের প্রধান সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেন। এতে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহনের হাজারো যাত্রী সীমাহীন ভোগান্তির শিকার হন।

ঘটনাস্থলে উপস্থিত চালক ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ দুপুর ১২টার দিকে জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট জিলা স্কুলের সামনের ও পৌর বাজার এলাকায় সড়কের পাশের স্ট্যান্ড থেকে মাইক্রোবাস, প্রাইভেট কার ও পিকআপ ভ্যান সরিয়ে দিতে যান। এ সময় ম্যাজিস্ট্রেটের নির্দেশে ভেকু মেশিনের চালক পিকআপ ভ্যান, মাইক্রোবাসসহ বেশ কয়েকটি গাড়ি ওপর থেকে চাপা দিয়ে ভেঙে ফেলেন। এতে স্ট্যান্ডে থাকা গাড়ির চালক ও শ্রমিকেরা ক্ষুব্ধ হয়ে ম্যাজিস্ট্রেটকে অবরুদ্ধ করেন। উত্তেজিত লোকজন ম্যাজিস্ট্রেটের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিম হাসান খান জিলা স্কুলের সামনে ও শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের সামনে সড়কের পাশের ফুটপাত থেকে অবৈধ মাইক্রো ও পিকআপ স্ট্যান্ড উচ্ছেদ করতে গেলে তাকে অবরুদ্ধ করা হয়। খবর পেয়ে সেখানে যান আরেক নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাব হোসাইন। তবে শ্রমিকেরা তাকেও অবরুদ্ধ করে রাখেন। এরপর বেলা দেড়টার দিকে সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি শান্ত করেন।

এ বিষয়ে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ বলেন, উচ্ছেদ অভিযান পরিচালনার সময় একদল উৎশৃঙ্খল লোক ম্যাজিস্ট্রেটের গাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইত্তেফাক/এমএএস