যৌন নিপীড়ককে জুতা দিয়ে পিটিয়েছিলেন রাজা তৃতীয় চার্লসের স্ত্রী ক্যামিলা

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫, ২১:৩৯

যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের স্ত্রী কুইন কনসর্ট ক্যামিলা কিশোরী বয়সে একবার যৌন নিপীড়নের হাত থেকে রক্ষা পেয়েছিলেন। সম্প্রতি রাজপরিবারকে ঘিরে প্রকাশিত নতুন এক বইয়ে এ ঘটনার উল্লেখ করা হয়েছে।

বইটি লিখেছেন টাইমস পত্রিকার সাবেক রয়্যাল সম্পাদক ভ্যালেনটাইন লো। তার বই পাওয়ার অ্যান্ড দ্য প্যালেস–এ বলা হয়, ২০০৮ সালে লন্ডনের মেয়র থাকাকালে বরিস জনসনকে ঘটনাটি জানিয়েছিলেন ক্যামিলা।

বইয়ে উল্লেখ করা হয়, ক্যামিলা তখন ১৬ বা ১৭ বছর বয়সী। ট্রেনে চড়ে লন্ডনের প্যাডিংটন স্টেশনের দিকে যাচ্ছিলেন তিনি। পথে এক ব্যক্তি তার শরীর স্পর্শ করতে শুরু করেন। তখনই ক্যামিলা নিজের জুতা খুলে সেই ব্যক্তিকে আঘাত করেন।

পরে লন্ডনে পৌঁছে তিনি বিষয়টি স্টেশনের কর্মীদের জানান। এরপর পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে। বরিস জনসনকে ক্যামিলা বলেছিলেন, তার মা সবসময়ই এমন পরিস্থিতিতে আত্মরক্ষার জন্য জুতা ব্যবহার করতে পরামর্শ দিতেন।

বাকিংহাম প্যালেস এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য না করলেও ঘটনাটির বিবরণ নিয়ে আপত্তি জানায়নি।

সাম্প্রতিক বছরগুলোতে ক্যামিলা নারীর প্রতি সহিংসতা, যৌন নির্যাতন ও পারিবারিক সহিংসতার শিকারদের পাশে দাঁড়ানোর জন্য কাজ করে আসছেন।

২০২০ সালের এক বক্তৃতায় তিনি বলেন, “আমি অসংখ্য নারীর গল্প শুনেছি, যারা বছরের পর বছর পারিবারিক সহিংসতা ও নির্যাতনের শিকার হয়েছেন। কিন্তু তারা শেষ পর্যন্ত বিজয়ী হয়েছেন। তাঁরা আর ভুক্তভোগী নন।”

গত এপ্রিলে সেফলাইভসের এক অনুষ্ঠানে ক্যামিলা বলেন, “১০ বছর আগে হলে আমি এসব বিষয়ে প্রকাশ্যে কিছু বলতে পারতাম না। তখন বিষয়গুলো প্রায় নিষিদ্ধ ছিল। কিন্তু এখন ভুক্তভোগীরাই উঠে দাঁড়িয়ে নিজেদের গল্প বলছেন এবং অন্যদেরও অনুপ্রাণিত করছেন।”

রাজপরিবারের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, এত দিন ক্যামিলা নিজের অভিজ্ঞতাটি প্রকাশ্যে আনেননি। তিনি চেয়েছিলেন ভুক্তভোগীদের গল্প সামনে আনতে, নিজের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে নয়।

ইত্তেফাক/এএম