আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে উল্লাপাড়ায় রেল অবরোধ

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৭:০৩

সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের বিরতির দাবিতে শিক্ষার্থী ও সাধারণ মানুষ যাত্রাবিরতি কর্মসূচি পালন করেছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত উল্লাপাড়া রেলওয়ে স্টেশনে রেলপথ আটকে যাত্রাবিরতি কর্মসূচি পালন করেন স্থানীয় লোকজন। গুরুত্বপূর্ণ তিনটি আন্তঃনগর ট্রেন চিলাহাটি এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস ও ধুমকেতু এক্সপ্রেস।

উল্লাপাড়া স্টেশন সূত্রে জানা যায়, তিনটি আন্তঃনগর এক্সপ্রেসের যাত্রাবিরতির দাবিতে ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, ব্যবসায়ী, শ্রমজীবী, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।

এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকামুখী বনলতা এক্সপ্রেস ট্রেনটি মোহনপুর রেলস্টেশনে আটকা পরে। এতে হাজার হাজার যাত্রীকে চরম দুর্ভোগ পোহাতে হয়। প্রশাসনের হস্তক্ষেপে একঘণ্টা পর আন্দোলনকারীরা অবরোধ ছেড়ে চলে যান।

এ সময় বক্তারা বলেন, উল্লাপাড়া রেলস্টেশন দেশের উত্তরাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ রেল জংশন। প্রতিদিন হাজার হাজার যাত্রী এখান থেকে যাতায়াত করেন। অথচ তিনটি আন্তঃনগর ট্রেন উল্লাপাড়ায় না থামায় যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছে। আন্দোলনকারীরা তিনটি আন্তঃনগর এক্সপ্রেসের যাত্রাবিরতির জন্য রেলওয়ে কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

উল্লাপাড়া স্টেশন মাস্টার মাসুদ আলী খান ইত্তেফাককে বলেন, অবরোধের কারণে ঢাকা থেকে ছেড়ে আসা ও উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ট্রেনগুলো সময়ের বিপর্যয়ের মুখে পড়ে। এতে অন্য ট্রেনের শিডিউল বিপর্যয় হবে না।

ইত্তেফাক/জেএএন/এএইচপি