রাজধানীর আদাবরে দুর্বৃত্তদের হামলায় এক পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনায় বিশেষ অভিযান চালিয়ে ১০২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অধীন আদাবর থানা পুলিশ। অভিযানে দেশীয় অস্ত্র ও দুটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে।
গত ১ সেপ্টেম্বর রাত আনুমানিক ১০টা দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং এলাকায় একটি পুলিশ টহল দল ভিকটিম উদ্ধারে গেলে স্থানীয় কিছু দুর্বৃত্ত তাদের ওপর হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে পুলিশ সদস্য আল আমিনকে গুরুতরভাবে আহত করে এবং পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে।
আদাবর থানা সূত্রে জানা গেছে, সোমবার (২ সেপ্টেম্বর ২০২৫) দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে থানাধীন বিভিন্ন এলাকা থেকে মোট ১০২ জনকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ২৫টি লাঠি, ১২টি সামুরাই তলোয়ার, ১১টি রড এবং দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে ১ থেকে ৫ নম্বর আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা এবং বাকি ৯৭ জনকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশের আওতায় গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
