রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদনে নতুন রেকর্ড

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৫, ২০:০৮

বাগেরহাটের রামপালে অবস্থিত বাংলাদেশ-ভারত যৌথ উদ্যোগে স্থাপিত ১৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্লান্ট আগস্ট মাসে বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক অর্জন করেছে। 

কেন্দ্রটির দুটি ইউনিট থেকে গত আগস্ট মাসে রেকর্ড ৭৭১ দশমিক ৭০ মিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে, যা পারফরম্যান্স প্যারামিটার (ইএফটি) অনুযায়ী ৭৮ দশমিক ৫৮ শতাংশ।

সাম্প্রতিক তথ্য অনুযায়ী, আগস্ট মাসে দেশের মোট বিদ্যুৎ উৎপাদন হয়েছে ১০১০০ মিলিয়ন ইউনিট, যার মধ্যে মৈত্রী তাপ বিদ্যুৎকেন্দ্রের অবদান ৭ দশমিক ১৫ শতাংশ। টানা তিন মাস ধরে বিদ্যুৎকেন্দ্রটি প্রতি মাসে ৬০০ মিলিয়ন ইউনিটের বেশি বিদ্যুৎ উৎপাদন করছে। এখন পর্যন্ত কেন্দ্রটির মোট উৎপাদন দাঁড়িয়েছে ২০৩৬ দশমিক ৪ মিলিয়ন ইউনিট।

বাংলাদেশ-ভারত মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্লান্টের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) আনোয়ারুল আজিম জানান, কয়লা আমদানিনির্ভর হলেও কেন্দ্রটিতে আল্ট্রা-সুপারক্রিটিক্যাল প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা পরিবেশবান্ধব এবং অত্যাধুনিক। 

তিনি আরও বলেন, বিদ্যুৎকেন্দ্রটি পরিবেশ সুরক্ষায় ফ্লু-গ্যাস ডি-সালফারাইজেশন, উন্নত ইলেক্ট্রোস্ট্যাটিক প্রিসিপিটেটর, ২৭৫ মিটার উচ্চতা বিশিষ্ট চিমনি, ক্লোজড সাইকেল কুলিং এবং জিরো লিকুইড ডিসচার্জ সিস্টেম ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন নিশ্চিত করছে।

তিনি জানান, স্থিতিশীল ও সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে কেন্দ্রটি জাতীয় গ্রিডে সরবরাহ নিশ্চিত করছে, যা দেশের শিল্পোন্নয়ন, বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি এবং জাতীয় জ্বালানি নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। 

এই বিদ্যুৎকেন্দ্র দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও টেকসই উন্নয়নের একটি ভিত্তি হিসেবে কাজ করছে বলেও মন্তব্য করেন আনোয়ারুল আজি

ইত্তেফাক/এএইচপি