সিরাজগঞ্জ সদর উপজেলায় দ্রুতগামী সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় বেলাল হোসেন (৫০) নামের এক শিক্ষক নিহত হয়েছেন। দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ করলে প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কের পিপুলবাড়িয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বেলাল হোসেন সদর উপজেলার ঘোড়াচরা গ্রামের মফিজ উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলে শিক্ষকতা করতেন।
স্থানীয় সূত্র জানায়, শিক্ষক বেলাল রাস্তা পার হওয়ার দ্রুতগামী একটি সিএনজিচালিত অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, নিহতের লাশ উদ্ধারের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বিক্ষুব্ধদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনার প্রায় তিন ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে।
