খৈয়াছড়া ঝরনায় সিএনজি চালক-পর্যটক সংঘর্ষে আহত ১৫, মহাসড়ক অবরোধ

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৪০

চট্টগ্রামের মীরসরাইয়ের জনপ্রিয় পর্যটন কেন্দ্র খৈয়াছড়া ঝরনার প্রবেশ পথে স্থানীয় সিএনজি অটোরিকশা চালকদের সঙ্গে পর্যটকদের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে। সংঘর্ষের পর ক্ষুব্ধ পর্যটকরা প্রায় ২০ মিনিট ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নোয়াখালীর কোম্পানিগঞ্জ থেকে একটি বাসযোগে পর্যটকের দল খৈয়াছড়া ঝরনায় ঘুরতে আসে। তারা বাস নিয়ে ঝরনা সড়কে প্রবেশ করতে চাইলে স্থানীয় সিএনজি চালকরা বাধা দেন। এ নিয়ে শুরু হয় বাকবিতণ্ডা, যা পরবর্তীতে সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন।

আহত পর্যটক বিপ্লব বলেন, আমরা ঝরনায় প্রবেশ করতে চাইলেই তারা বাধা দেয়। পরে অতর্কিতভাবে লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। আমাদের অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

অন্যদিকে সিএনজি চালক আনোয়ার হোসেন বলেন, রাস্তার প্রশস্ততা কম হওয়ায় পর্যটন এলাকা পর্যন্ত বাস প্রবেশ করতে নিষেধ করা হয়। কিন্তু তারা জোর করেই ঢুকতে চায়। আমরা বাধা দিলে উল্টো তারাই হামলা চালায়।

সংঘর্ষের পর স্থানীয়রা কয়েকজন পর্যটককে আটক করে রাখে, যদিও পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে মীরসরাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে এবং পর্যটকদের বাস নিরাপদে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়।

মীরসরাই থানার ওসি আতিকুর রহমান বলেন, পর্যটকদের বাস খৈয়াছড়া ঝরনা সড়কে ঢুকার সময় সিএনজি অটোরিকসা চালকরা বাধা দেয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে তর্কবিতর্ক হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তখন পর্যটকরা বাস নিয়ে চলে যায়। সংঘর্ষের বিষয়ে অভিযোগ পাওয়া যায়নি।

ইত্তেফাক/এএইচপি